ক-এ কেনিয়া ক-এ কানাডা
কেনিয়া ও কানাডা। দুই ‘ক’ এর নাম শুনলে বাংলাদেশের অনেক ক্রিকেটারের বুকের এক কোণে চিনচিনে অনুভূতি হবে নির্ঘাত। বিশেষ করে, যাঁরা ২০০৩ বিশ্বকাপে খেলেছেন। সেবার যে বাংলাদেশ বিশ্বকাপ শুরু করেছিল কেনিয়ার কাছে হেরে। শেষ করেছিল কানাডার চপেটাঘাতে!বাংলাদেশ অবশ্য দাবি করতে পারে, ওই দুই পরাজয়ে কোনো লজ্জা নেই। কেনিয়া তো বিশ্বক্রিকেটে বরাবরই সমীহ জাগানো দল ছিল। বলা যায়, অঘটনঘটনপটিয়সী। ১৯৯৬ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে কেনিয়া হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ভারতকেও দুবার হারিয়েছে কেনিয়া। জিম্বাবুয়ে, বাংলাদেশ তো হেরেছে বেশ কয়েকবারই।আফ্রিকার এই দেশটি সবচেয়ে বড় চমক দেয় ২০০৩ বিশ্বকাপে। উঠে আসে সেমিফাইনালে। এরপর অবশ্য আরও সামনের দিকে এগোনোর বদলে শুধু পিছু হটা। গত ৩৩ ম্যাচে যেমন মাত্র পাঁচটি ওয়ানডে জিতেছে তারা।কানাডার ‘ঐতিহ্য’ তো আরও অনেক পুরোনো। ক্রিকেট ইতিহাসেরই প্রথম অফিশিয়াল ম্যাচটি খেলেছিল কানাডা। ১৮৪৪ সালে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে। একসময় নিয়মিত বিরতিতে কানাডা দল যুক্তরাজ্য সফরও করেছে। যদিও একসময় অনাগ্রহের বরফের চাঁইয়ের আড়ালে চলে গেছে দেশটির ক্রিকেট। আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কেনিয়া আর কানাডা। কেনিয়া খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, গত প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের ঘাম ছুটিয়ে দেওয়া কানাডার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কিছু করে দেখানোর তাগিদ থাকবে এই দুই দলেরই। এটাই যে তাদের শেষ বিশ্বকাপ!আগামী বিশ্বকাপে অংশ নেবে মাত্র ১০ দল। টেস্ট খেলুড়ে ১০ দলের বাইরে কারও বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই। আইসিসির এই সিদ্ধান্তে সহযোগী দেশগুলো স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ। কেনিয়া-কানাডার পাশাপাশি হল্যান্ড, আয়ারল্যান্ডও তাদের হতাশা প্রকাশ করছে সুযোগ পেলেই। এ নিয়ে সহযোগী দেশগুলো এককাট্টা হয়ে কিছু একটা করার পরিকল্পনাও করছে বলে খবর এসেছে। এএফপি ও ওয়েবসাইট।