কংগ্রেস জোট ছাড়ল মমতার তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আরও ঘোষণা দিয়েছেন আগামী শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে গিয়ে তার দলীয় মন্ত্রীরা প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেবেন।জোটে তৃণমূলের একজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রী রয়েছেন। মুকুল রায় রেল মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। বাকি পাঁচ প্রতিমন্ত্রীরা হলেন সৌগত রায়, শিশির অধিকারী, সুলতান আহমেদ, চৌধুরী মোহন জাটুয়া এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।গত বৃহস্পতি ও শুক্রবার সরকারের ঘোষিত দুটি সিদ্ধান্তের প্রতিবাদে মমতা ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ডিজেলের মূল্য প্রতি লিটারে পাঁচ রূপী বৃদ্ধি এবং রান্নার গ্যাসে রেশনিং চালু করে প্রতি বছর প্রত্যেক পরিবারকে সরকারের ভর্তুকি (সাবসিডি) মূল্যে ছয়টি গ্যাসের সিলিন্ডার প্রদান এবং অতিরিক্ত গ্যাস ৭৫৬ রূপীর বিনিময়ে কেনার সিদ্ধান্ত ঘোষণা করে। আর দ্বিতীয় সিদ্ধান্তটি হলো—খুচরা ব্যবসায়ে বিদেশি পুঁজি বিনিয়োগের অনুমতি। এই দুটি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান মমতা। এই দুই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কলকাতার মেয়ো রোডে এক প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস। ওই সভায় সরকারকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং খুচরা ব্যবসায়ে বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আজ মঙ্গলবার দলের সংসদীয় কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেন মমতা। সেই লক্ষ্যে আজ কলকাতার টাউন হলের অ্যানেক্স ভবনে বিকেলে বৈঠকে বসেন মমতা। আড়াই ঘন্টার বৈঠক শেষে মমতা ঘোষণা দেন ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহারের। একই সঙ্গে জানিয়ে দেন তার দলীয় মন্ত্রীরা আগামী শুক্রবার বিকেল ৩টায় তাদের পদত্যাগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হাতে। প্রসঙ্গত, মমতা ইউপিএ সরকারকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিলেও ওই সময়ের মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে তার দাবি মানার ব্যাপারে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মমতার সমর্থন প্রত্যাহারের ফলে ইউপিএ সরকারের পতনের কোনও আশঙ্কা নেই। কারণ, মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজবাদীপার্টি সরকারের পাশে আছে। এদিকে কংগ্রেস নেতা নির্বেদ রায় বলেছেন, মমতার ইউপিএ সরকারের ওপর চাপের রাজনীতি এবার শেষ হলো। রাষ্ট্রপতি নির্বাচনে একই খেলা খেলতে চেয়েছিল মমতা। কিন্তু রাজ্য বাসীর চাপের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করে প্রণব মুখোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন।