কংগ্রেস তৃণমূলের টানাপোড়েন
ক্ষমতা গ্রহণের মাত্র আট মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন কংগ্রেস-তৃণমূল জোটের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে তৃণমূল ও কংগ্রেস। আগামী বছর অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। জোটের মধ্যকার এ দ্বন্দ্ব নির্বাচনে প্রভাব ফেলবে বলে ধারণা করছেন জোটের নেতারা।২০০৯ সালের লোকসভা নির্বাচন, ২০১০ সালের পৌরসভা নির্বাচন এবং সবশেষে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস-তৃণমূলের জয়ের ধারা অব্যাহত রয়েছে।সেই জয়ের ধারা নিয়ে গত বছরের মে মাসে কংগ্রেস-তৃণমূল জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারও গড়ে। কিন্তু ক্ষমতা গ্রহণের আট মাসের মধ্যে এই জোটের দুই শরিকের মধ্যে দেখা দেয় তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব। মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগ এবং সর্বশেষ লোকপাল বিল নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব শুরু হয়।এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কংগ্রেস চাইলে তৃণমূল জোট থেকে বেরিয়ে যেতে পারে। তাতে তৃণমূলের ক্ষতি হবে না। অন্যদিকে কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি ও রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া হুমকি দেন যে দলের হাইকমান্ড চাইলে তারা রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতেও প্রস্তুত।এই জোট ভেঙে গেলে তার প্রভাব যে দিল্লির কেন্দ্রীয় সরকারের ওপর পড়বে, সেটি উপলব্ধি করেছে কংগ্রেস হাইকমান্ড। এরই মধ্যে তারা রাজ্য কংগ্রেসকে নির্দেশ দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালিয়ে যেতে পারে। কিন্তু মন্ত্রিসভা থেকে কোনোক্রমেই যেন পদত্যাগ না করা হয়। কংগ্রেস কেন্দ্রীয় হাইকমান্ড জানিয়েছে, তারা মমতার ফাঁদে পা দেবে না। কারণ জনগণই কংগ্রেসকে ক্ষমতায় এনেছে।