কংগ্রেস নেতাকে খালাস দেওয়ায় বিচারকের দিকে জুতা
১৯৮৪ সালে শিখবিরোধী দাঙ্গার মামলায় কংগ্রেস নেতা সজ্জন কুমারকে খালাস দিয়েছেন আদালত। এ ঘটনায় বিচারকের দিকে জুতো ছুড়ে মারা হয়েছে। আজ মঙ্গলবার নয়াদিল্লির একটি আদালতে এ ঘটনা ঘটে। তবে ওই মামলায় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁদের মধ্যে তিনজনকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পিটিআইয়ের খবরে বলা হয়, দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে একদল জনতাকে উসকে দেওয়ার অভিযোগে সজ্জন কুমার ও আরও পাঁচজনের বিচারকাজ শুরু হয়। সজ্জন ছাড়াও যাঁদের বিরুদ্ধে বিচারকাজ হয় তাঁরা হলেন, বলবান খোকার, কিশান খোকার, মাহেন্দর যাদব, গিরধারি লাল ও ক্যাপ্টেন ভাগমাল। ১৯৮৪ সালে ৩১ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়। ইন্দিরা গান্ধীর দুজন শিখ দেহরক্ষী তাঁকে গুলি করে হত্যা করেন। এর পর থেকেই শুরু হয় শিখবিরোধী দাঙ্গা। ওই সময় বহু শিখকে হত্যা করা হয়।১৯৮৪ সালে দিল্লির ক্যান্টনমেন্টের রাজনগর এলাকায় একদল উত্তেজিত জনতা পাঁচজন শিখকে হত্যা করে। তাঁরা হলেন কেহার সিং, গুরপ্রিত সিং, রঘুবেন্দর সিং, নরেন্দর পল সিং ও কুলদীপ সিং।এ ঘটনায় ২০০৫ সালে কংগ্রেস নেতা সজ্জন কুমারের বিরুদ্ধে মামলা করা হয়। বিচারক জি টি নানাবতী কমিশনের সুপারিশে ওই মামলা হয়। ২০১০ সালে সিবিআই সজ্জন কুমারের বিরুদ্ধে দুটি অভিযোগ গঠন করে। সেই মামলারই আজ বিচারকাজ চলছিল। বিচারকাজে সজ্জন কুমারকে খালাস দেওয়া হয়।