কংগ্রেস নেতার ধর্ষণচেষ্টা, পেটাল গ্রামবাসী
আসামের নিম্নাঞ্চলীয় বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল জেলার সালবাড়ী এলাকায় ধর্ষণচেষ্টার অভিযোগে কংগ্রেসের স্থানীয় এক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এলাকার প্রধান সমন্বয়ক ওই নেতার নাম বিক্রম সিং ব্রহ্মা।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গতকাল বুধবার রাতে বিক্রম আসামের চিরাং জেলার সালবাড়ী এলাকার এক বাড়িতে ঢুকে এক নারীকে ধর্ষণ করার চেষ্টা করেন।এনডিটিভির খবরে বলা হয়, কংগ্রেসনেতা বিক্রম দুই সন্তানের জননী ওই নারীকে ধর্ষণের চেষ্টা করলে তিনি তাঁর স্বামীকে ডাক দেন। পরে তাঁর স্বামী প্রতিবেশীদের ডাকেন। একপর্যায়ে গ্রামবাসী বিক্রমকে ধরে পেটাতে থাকেন। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো পেটানোর সেই চিত্র প্রচার করে। পরে তাঁরা কংগ্রেস নেতাকে পুলিশে সোপর্দ করেন।এদিকে ওই নারীর স্বামী বিক্রমের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন। তবে বিক্রম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।স্থানীয় কংগ্রেস নেতারা বলেছেন, তাঁদের দলের ভাবমূর্তি নষ্ট করতে বিক্রমের বিরুদ্ধে অভিযোগ একটি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’।আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, আসামি কংগ্রেস বা যে দলেরই হোক, তিনি ছাড় পাবেন না।আসামের পুলিশপ্রধান জিপি সিং বলেন, ‘তাঁকে (বিক্রম) পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মামলা তালিকাভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করা হবে।’আসাম প্রদেশ কংগ্রেস কমিটির গণমাধ্যম শাখার প্রেসিডেন্ট হারেন দাস বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে তাঁর (বিক্রম) বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে।’