কংগ্রেসকে বোফোর্স কেলেঙ্কারি থেকে শিক্ষা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসকে সোয়া ১০০ বছরের ইতিহাসে এমন সংকটে আর কখনো পড়তে হয়নি। এর আগেও দলে নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে। কিন্তু দুর্নীতির কারণে গত চার মাসে দলের ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ন হয়েছে তেমনটা আর ঘটেনি। আশির দশকে বোফোর্স কেলেঙ্কারির কারণে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ক্ষমতা হারিয়েছিলেন। সেই বোফোর্স কেলেঙ্কারির কাছেও তুচ্ছ মনে হচ্ছে কমনওয়েলথ গেমস, আদর্শ সোসাইটি (মুম্বাই) এবং টেলিকম দুর্নীতির মতো ধারাবাহিক কয়েকটি আর্থিক দুর্নীতির ঘটনা।দুর্নীতির অভিযোগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চবনকে (কংগ্রেস নেতা) সরিয়ে দেওয়া হয়েছে সপ্তাহ দুই আগে। গ্রেপ্তার করা হয়েছে কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির সদস্যদের। কিন্তু টেলিকম দুর্নীতিকে এযাবৎকালের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি বলে মনে করা হচ্ছে। হিসাবমতে, প্রায় এক লাখ ৭০ হাজার কোটি রুপি নয়-ছয় করা হয়েছে এই দুর্নীতিতে। আর রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী, তদবিরকারী (লবিস্ট) এমনকি সাংবাদিকেরাও এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত। এনডিটিভির বরখা দত্ত ও বীর সাংভির মতো ভারতের সাংবাদিকতা জগতের বড় বড় নাম জড়িয়ে পড়ছে এই কেলেঙ্কারির সঙ্গে।অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় অভিযোগের আঙুল উঠেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও। ব্যক্তিগতভাবে সততার জন্য সুনাম আছে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। কিন্তু এখন এ অভিযোগ উঠেছে, সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এই রাজার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় তিনি নিজের সুনামের প্রতিও সুবিচার করতে পারেননি।কংগ্রেস এখন বুঝতে পেরেছে, রাজার বিষয়টিতে তারা কতটা ছাড় দিয়েছে। রাজার পদত্যাগের এক দিন আগেও কংগ্রেস জোট গঠনের রাজনীতি নিয়ে মেতে ছিল। রাজার দল ডিএমকে ২০০৪ সাল থেকে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) শরিক। কংগ্রেস সম্ভবত ভুলে গিয়েছিল এই দুর্নীতির কেলেঙ্কারি সরকারের, এমনকি প্রধানমন্ত্রীর বড় ক্ষতি করতে পারে, যেমনটা ঘটেছিল রাজীব গান্ধীর সময়।ডিএমকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়ে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার বরং কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) মাধ্যমে বিষয়টি সুরাহা করতে চাইছে। এ ছাড়া বিষয়টি দেশের সুপ্রিম কোর্ট, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তরে চলে গেছে তদন্তের জন্য। কিন্তু এর কোনোটিই রাজনৈতিক পদক্ষেপ নয়, কংগ্রেসের ভাবমূর্তি রক্ষায় যা খুবই জরুরি ছিল। ফলে চরমভাবে ক্ষুণ্ন হয়েছে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি। এ অবস্থায় বিজেপি ও বামপন্থীরা তাঁর পদত্যাগ দাবি করেছে।ডিএমকের প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে করুণানিধি রাজার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এমনটা প্রত্যাশা করা হবে দুরাশা। করুণানিধি এবং তাঁর ছেলে উপ-মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ও কেন্দ্রীয় সারমন্ত্রী এম কে আলাগিরি এবং মেয়ে সাংসদ কানিমোঝি পদত্যাগী মন্ত্রী রাজাকে সমর্থন দিয়ে যাচ্ছেন।ভারতীয় রাজনীতির অন্যতম বিশ্লেষক অমূল্য গাঙ্গুলী বলেন, ‘রাজার দিকে হাত বাড়ালে সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি দিয়েছিল ডিএমকে। প্রথম দিকে এই হুমকিতে অসহায় হয়ে পড়ায় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গায়ে যে কলঙ্কের আঁচড় লেগেছে তা মুছে ফেলা তাঁর জন্য খুব সহজ হবে না। তা ছাড়া বিষয়টি সিবিআইয়ের দিকে ঠেলে দিয়ে সমালোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার বিষয়টিও বোধগম্য নয়। কেননা এই সংস্থাটি সম্পর্কে সাধারণ ধারণা হলো—এটি দীর্ঘদিন ধরে সরকারের অঙ্গুলি হেলনেই চলছে এবং পেশাগতভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও তাদের নেই। এ ছাড়া টেলিকম কেলেঙ্কারির বিষয়টি ‘অপরাধ কিংবা ভুল’—আসলে কী ছিল তা নির্ণয়ে সিএজির প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনাটিও সময়োচিত হয়নি। কেননা একই সময়ে রাজার প্রতি অভিযোগ তুলেছে সিএজি।তবে অমূল্য গাঙ্গুলির মতে মনমোহন সিংয়ের ভাবমূর্তির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়েছে সুপ্রিম কোর্টের সমালোচনা। সুপ্রিম কোর্ট বলেছেন, জনতা পার্টির সভাপতি সুব্রামানিয়াম স্বামীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করে ফেলেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। পিএমও যদি বিষয়টি নাকচও করে দিত তাহলে তাতে করে প্রধানমন্ত্রীর মুখ রক্ষা হতো। কিন্তু তা না করে তারা বিষয়টি বছর ধরে ঝুলিয়ে রেখেছিল। গাঙ্গুলির মতে, এতে করে সরকারের ব্যর্থতা এবং রাজার অপকর্মের প্রতি প্রশাসনের পরোক্ষ সমর্থনই প্রমাণিত হয়েছে।এটা এখন বলার অপেক্ষা রাখে না যে গত ছয় বছরে কংগ্রেসকে অনেক ঝামেলায় ফেলেছে এই ডিএমকে। তারা সরকারকে বাধ্য করেছে তাদের ইচ্ছেমাফিক কাজ করতে। এদিকে বিরোধী দল বিজেপিও কংগ্রেসের ওপর সেভাবে চড়াও হতে পারেনি নিজেদের দুর্বলতার কারণে। কেননা কর্ণাটকের দলীয় মুখ্যমন্ত্রী বি এস ইয়াদ্দিরাপ্পার ছেলে ও মেয়েদের নামে ভূমি বন্দোবস্ত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে দলটি সেখান থেকে পরিত্রাণ পাওয়ার পথ খুুঁজছে।আর ২০০৯ সালে লোকসভা নির্বাচনের পর দুর্বল হয়ে পড়ার কারণে বামপন্থী দলগুলোও সরকারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে পারেনি। এতে করে সবকিছু মিলিয়ে রাজাকে গ্রেপ্তার বা তদন্তের ব্যাপারে ঢিমেতেতালে এগোতে পারে কংগ্রেস।তবে নিজেদের স্বার্থেই বোফোর্স কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে কংগ্রেসকে। ভারতের অর্থনীতি দ্রুত বড় হচ্ছে। ফলে বাজারে অর্থ এবং সুযোগ দুটোই বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু সরকারকেই তা নিয়ন্ত্রণ করতে হবে শক্ত হাতে।