কংগ্রেসে পাস হলে ধনীদের, না হলে সবার ওপর করের বোঝা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সিনেট আজ মঙ্গলবার নতুন করে কর বৃদ্ধি ও ব্যয়সংকোচন-নীতির বিরুদ্ধে দেশটির বড় দুই দলের এক সমঝোতা চুক্তি অনুমোদন করেছে। রয়টার্স জানায়, বছরের প্রথম দিনে চুক্তিটি সিনেটে ৮৯-৮ ভোটে পাস হয়। দেশটির বড় দুই দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের প্রস্তাব অনুযায়ী, ধনীদের ওপর করের হার খানিকটা বাড়বে। তবে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ওপর স্বল্প করারোপের নিয়ম জারি থাকবে। এ থেকে যে বাড়তি আয় হবে, তা অবশ্য দেশটির বিপুল বাজেট ঘাটতি পূরণের জন্য খুবই অপ্রতুল। দেশটির ঋণ ১৬ দশমিক চার ট্রিলিয়ন ডলার (প্রায় এক কোটি ৩০ লাখ ৮৩ হাজার কোটি টাকা) ছাড়িয়ে গেছে।বিবিসি জানায়, এরপর চুক্তিটি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাস হতে হবে। রিপাবলিকান দলীয়রা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ।মার্কিন অর্থনৈতিক মন্দায় জনগণের ওপরে কর বৃদ্ধি ও ব্যয়সংকোচন-নীতিকে সংক্ষেপে বলা হয় ‘ফিস্কল ক্লিফ’। এ ফিস্কল ক্লিফকে এড়াতে দেশটির বড় দুই দল কয়েকটি বিষয়ে একমত হয়ে একটি চুক্তি করেছে। এ চুক্তিকে ‘ফিস্কল ক্লিফ চুক্তি’ হিসেবে অভিহিত করা হচ্ছে। বিবিসি জানায়, সিনেটে আজকের সভায় ভোটাভুটির আগে চুক্তিটির ওপর ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির প্রতিনিধিদের দীর্ঘ বিতর্ক হয়। দেশটির কংগ্রেসে পরে এটিকে একটি বিল হিসেবে উত্থাপন করা হবে। তবে চুক্তিটি সিনেটে অনুমোদনের পর, রাষ্ট্রের ব্যয়সংকোচন প্রক্রিয়া দুই মাস পিছিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, দুই মাসের মধ্যে দুই দল আলোচনা করে আরও ভালো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে কর ছাড়ের যে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল, তা গতকাল সোমবার মাঝরাত পর্যন্ত কার্যকর ছিল। বিলটি পার্লামেন্টে পাস না হলে সব রোজগারকারী মার্কিন নাগরিকের ওপর বিপুল পরিমাণ করের বোঝা চেপে যাবে।বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি ‘ফিস্কল ক্লিফ’ সক্রিয় হয়, তবে জনগণের ক্রয়ক্ষমতা কমে যাবে। এর ফলে নতুন করে অর্থনৈতিক মন্দা তৈরি হবে। তাই মন্দা এড়াতে দুই দল গত সোমবার সমঝোতায় পৌঁছায়। চুক্তি অনুযায়ী যেসব মার্কিন নাগরিক বছরে চার লাখ ডলার (প্রায় তিন কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা) বা এর কম অর্থ আয় করেন, তাঁরা কর ছাড়ের অধীনে পড়বেন। তবে ডেমোক্র্যাট দলীয়রা চাইছিলেন, এই সীমা করা হোক আড়াই লাখ ডলার (প্রায় এক কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকা)। সিনেটে ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি হ্যারি রিড বলেন, ‘আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি, তবে মন্দা সত্যি হয়ে দেখা দেবে। চুক্তি অনুমোদনের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হলো যে আলোচনা থেমে যায়নি বা দূরে সরে যায়নি।’সিনেটে রিপাবলিকান পার্টির প্রতিনিধি মিচ ম্যাককোনেল বলেন, আমাদের নাগরিকদের সত্যিকার অর্থনৈতিক যন্ত্রণা থেকে রক্ষার জন্য এটি হয়তো একটি অসম্পূর্ণ সমাধান, কিন্তু এটি সময়োপযোগী।প্রেসিডেন্ট বারাক ওবামা সিনেটের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সিনেটে দুই দলের নেতারা মতৈক্যে এসে ৯৮ শতাংশ মার্কিন এবং দেশের ৯৭ শতাংশ ক্ষুদ্র প্রতিষ্ঠানকে কর বৃদ্ধির হাত থেকে বাঁচিয়েছেন। তিনি আরও বলেন, কংগ্রেসের উচিত কোনো ধরনের সময় নষ্ট না করে দেশের স্বার্থে বিলটি পাস করা।বিবিসি জানিয়েছে, কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টির অনেক প্রতিনিধি চুক্তিটিকে ভালো চোখে দেখছেন না। তাঁরা বেঁকেও বসতে পারেন।