কংগ্রেসে বাংলাদেশ বিষয়ে বিশেষ সাহায্যের প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার সাফল্য কামনা করে যুক্তরাষ্ট্র কংগ্রেস একটি বিশেষ প্রস্তাব অনুমোদন করেছে। ২৫ মার্চ বৃহস্পতিবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যাবর্তন এবং গণতন্ত্রকে সুসংহত ও স্থিতিশীল করার লক্ষ্যে সাহায্যসংক্রান্ত এ প্রস্তাবটি পাস করা হয়।প্রস্তাবে বাংলাদেশকে একটি স্থিতিশীল, উদার, গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সহযোগিতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেস।প্রস্তাবে বাংলাদেশে একটি শক্তিশালী সুশীল সমাজ প্রতিষ্ঠা ও দারিদ্র্য দূরীকরণে উত্সাহ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএসএইডকে বর্ধিত সাহায্য দেওয়ার আহ্বান জানানো হয়। প্রস্তাবে আরও বলা হয়, ধর্মীয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সংরক্ষণ ও দুর্নীতি দূরীকরণে দুদকের প্রচেষ্টা আরও কার্যকর ও সমন্বিত করতে হবে।বাংলাদেশে নির্বাচিত সরকারের বর্ষপূতি উপলক্ষে গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন কংগ্রেস এ বিশেষ প্রস্তাব গ্রহণ করে। কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো চেয়ারম্যান কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি এ প্রস্তাবটি উপস্থাপন করেন। গত বৃহস্পতিবার ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির যৌথ সমর্থনে ৩৮০-৭ ভোটে কংগ্রেসে বাংলাদেশবিষয়ক এ প্রস্তাবটি গৃহীত হয়। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান এডওয়ার্ড আর রয়েস প্রস্তাবটি সমর্থন করেন। বাংলাদেশবিষয়ক প্রস্তাব উপস্থাপনকালে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ একটি স্থিতিশীল, নমনীয় এবং গণতান্ত্রিক মুসলিম দেশ। গণতন্ত্রের প্রতি বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভালোবাসা অতুলনীয়।’ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।নারীর ক্ষমতায়ন এবং চরমপন্থী দমনে বাংলাদেশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দেশটির প্রতি সমর্থন জানাতে পারি।’ মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশে কংগ্রেসম্যান ক্রাউলি বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে সে দেশের জনগণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সম্মান জানানোর অবকাশ রয়েছে। বাংলাদেশে যে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় খুব দ্রুতই বাংলাদেশ বিষয়ে মনোযোগী হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।বাংলাদেশের প্রতি সমর্থন এবং বর্ধিত সাহায্য সহযোগিতা প্রস্তাব গৃহীত হওয়ার পর ক্রাউলি পৃথক একটি বিবৃতি দিয়ে বলেন, সুশাসন, মানবাধিকার এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের আরও ঘনিষ্ঠ মিত্র হয়ে কাজ করবে।