কংগ্রেসের নতুন নৃপতি রবার্ট ভদ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন তিনি রাহুল গান্ধীর গাড়িতে একজন যাত্রী হিসেবেই ছিলেন। কিন্তু হঠাত্ করে যেন তাঁর অবস্থান পাল্টে গেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভারতের সুপ্রাচীন দল কংগ্রেসের নতুন উত্তরাধিকারী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন তিনি। আর তাই এখন রাহুলের গাড়ির চালকের আসনেই বসতে চাইছেন। তিনি আর কেউ নন, প্রিয়াংকা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র।কোনো রাখঢাক না রেখে গত ৬ ফেব্রুয়ারি গান্ধী পরিবারের রাজনৈতিক আসন উত্তর প্রদেশের রায় বারেলিতে রবার্ট ভদ্র (৪২) তাঁর এ সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন। ওই দিন জাঁকজমকপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রায় তিনি ঘোষণা দেন, ‘জনগণ চাইলে আমি রাজনীতিতে যোগ দিতে পারি।’রবার্ট ভদ্রের এ ঘোষণার কোনো জবাব জনগণ দেয়নি। আর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে কংগ্রেসও আছে দ্বিধাদ্বন্দ্বে; বরং ভদ্রের এ ধরনের আকস্মিক ঘোষণায় কংগ্রেসের অধিকাংশ নেতাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। ভারতে কংগ্রেসের রাজনীতিতে রাহুলের ভবিষ্যত্ সুস্পষ্ট। দলটির সব পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে পরবর্তী নেতা হিসেবে মেনে নিয়েছেন; এমনকি দলের কোনো কোনো পর্যায় থেকে তাঁকে এখনই প্রধানমন্ত্রীর পদ গ্রহণের দাবি তোলা হচ্ছে। আর রাহুলের বোন প্রিয়াংকাও (৪০) জানিয়ে দিয়েছেন, ভাইয়ের ইচ্ছা অনুসারে তিনি তাঁকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবেন। তাই এত দিন ধরেই নেওয়া হয়েছিল, কংগ্রেসের উত্তরাধিকারের রাজনীতির ক্ষমতা-কাঠামোয় রাহুলের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে কংগ্রেসের রাজনীতিতে প্রিয়াংকার স্বামী রবার্ট ভদ্রের তত্পরতা দলটির নেতাদেরও ভাবিয়ে তুলেছে।এত দিন ধারণা করা হচ্ছিল, রায় বারেলির আসনটি প্রিয়াংকার জন্যই বরাদ্দ। কিন্তু অতীতের সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছেন প্রিয়াংকার স্বামী। বিশ্লেষকদের মতে, ভদ্র এত দিন তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা চেপে রেখেছিলেন। কিন্তু এখন তিনি তা প্রকাশ্যে বলতে প্রস্তুত।তবে স্বামীর এ ধরনের উচ্চাশা নাকচ করে দিয়েছেন প্রিয়াংকা; বরং তাঁর স্বামীকে এ বিষয়ে প্রশ্ন করার জন্য তিনি সাংবাদিকদেরই দোষারোপ করেছেন। প্রিয়াংকা জোর দিয়ে বলেছেন, ‘ভদ্র একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতির জন্য তাঁর সময় নেই।’প্রিয়াংকা যা-ই বলুক না কেন, ভদ্র তাঁর অতীত অবস্থানে এখনো অনড়। এক সাক্ষাত্কারে ভদ্র তাঁর অতীত অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি মনে করি, সবকিছুর একটা সময় ও স্থান আছে। জনগণের জন্য ভিন্ন কিছু করতে পারলে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে একদিন না একদিন ডাকবেই। আমি সেই ডাকের অপেক্ষায় থাকব।’প্রিয়াংকার সঙ্গে ভদ্রের বিয়ে হয় ১৯৯৭ সালে। ১৯৯৯ সাল থেকে তিনি গান্ধী পরিবারের নির্বাচনে সমর্থন জুগিয়ে আসছেন। গত ১৫ বছরে কংগ্রেসের রাজনীতিতে আসার ব্যাপারে কখনোই ভদ্রকে এভাবে বলতে শোনা যায়নি; কিন্তু এখন তিনি প্রকাশ্যে এসব কথা বলছেন। তাই অনেকই আশঙ্কা করছেন, কংগ্রেসের রাজনীতিতে নতুন নৃপতি হয়ে উঠতে চাইছেন দেশটির সবচেয়ে আলোচিত জামাতা রবার্ট ভদ্র। ইন্ডিয়া টুডে অবলম্বনে।