সিরাজগঞ্জে বন্ধ কওমি জুট মিল ১১ ডিসেম্বর থেকে আবার চালু করার ঘোষণা দিলেও তা ওই দিন আর হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুট মিলটিতে উত্পাদন কার্যক্রম উদ্বোধন করার কথা ছিল। আজ মঙ্গলবার বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী রাতে প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রীর ১১ তারিখের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। তিনি সিরাজগঞ্জে যাচ্ছেন না। তাই পাটকলাটি ওই দিন চালু হচ্ছে না। পরবর্তীকে প্রধানমন্ত্রীর কর্মসূচির ওপর ভিত্তি করে পাটকলটি উদ্বোধন করা হবে। এর আগে সকালে মন্ত্রী সচিবালয়ে এক সংবাদ সম্মেলন পাটকলটি চালুর ঘোষণা দিয়েছিলেন। মন্ত্রী সকালে বলেন, খুলনার পিপলস জুট মিলও চালুর জন্য প্রস্তুত রয়েছে। যেকোনো সময় সেটিও চালু হবে। তিনি আরও বলেন, সাবেক বিএনপি-জামায়াত জোট সরকার দেশের পাটশিল্পকে ধ্বংস করেছিল। বর্তমান সরকার পাটশিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এত দিন কৃষকেরা নায্য মূল্য পাননি। এখন পাচ্ছেন এবং প্রতি মণ পাট ২২০০-২৫০০ টাকায় বিক্রি হচ্ছে।আবদুল লতিফ সিদ্দিকী জানান, এ বছর রপ্তানি আয়ে তৈরি পোশাকশিল্পের (আরএমজি) পরই পাটশিল্প অবস্থান নিয়েছে। বন্ধ হয়ে যাওয়া আদমজী জুট মিল সম্পর্কে তিনি বলেন, ‘আদমজী নামে আর কোনো পাটকল চালু হবে না।’