কওমি মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, কওমি মাদ্রাসার পাঠ্যসূচি ঠিক করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকারি স্বীকৃতি দেওয়া হবে। আজ বৃহস্পতিবার রাতে গণভবনে কওমি মাদ্রাসাভিত্তিক শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে শতাধিক আলেম-ওলামার বৈঠকের নেতৃত্ব দেন মুফতি রুহুল আমিন।কওমি মাদ্রাসার পাঠ্যসূচি প্রণয়নের জন্য গঠিত কমিশনের চেয়ারম্যান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি এবং মহাসচিব আল্লামা মুফতি রুহুল আমিন। বৈঠকে কওমি মাদ্রাসাভিত্তিক আলেমদের পক্ষে দেওয়া সাত দফা দাবির মধ্যে আছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি কটূক্তিকারী চিহ্নিত অন্য ব্লগারদের গ্রেপ্তার, সংসদের আগামী অধিবেশনে মহানবীর মর্যাদা সংরক্ষণ আইন পাস, কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি, জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদীর সব বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা প্রভৃতি।আলেমদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘সমাবেশ করার অধিকার প্রত্যেকের আছে। কিন্তু আমার ভয় হয়, এ সুযোগে অপকর্মকারীরা ঢুকে কোনো অঘটন ঘটায়। তাই সমাবেশকে ঘিরে আপনারা সবাই সতর্ক থাকবেন।’জামায়াত নিষিদ্ধে আইন মানা হবেজামায়াতকে নিষিদ্ধ করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে হাইকোর্টে একটি মামলা আছে। তাই বিচারাধীন বিষয়ে কিছু বলতে পারি না। নির্বাহী আদেশেও কিছু করা যাচ্ছে না। আইন মেনেই সবকিছু করতে হয়।’দায়ী ব্লগারদের গ্রেপ্তার শুরু হয়েছেআলেমদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, দায়ী ব্লগারদের খুঁজে বের করে গ্রেপ্তার শুরু হয়েছে। মহানবী (সা.)-এর প্রতি কটূক্তি বরদাশত করা হবে না। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কেউ ইসলামবিরোধী কাজ করলে তার শাস্তির আইন ২০০৯ সালেই করা হয়েছে। এ আইনের ৫৬ থেকে ৬৬ ধারা পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত আছে। কিন্তু এটার প্রচার নেই। তা ছাড়া বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারা এবং দণ্ডবিধিতেও শাস্তির বিধান আছে। সুতরাং ইসলামবিরোধী কাজের শাস্তির জন্য আইনের অভাব নেই।’ ইসলামের কাজ আওয়ামী লীগই বেশি করেশেখ হাসিনা বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, ইসলামের কাজ আমরাই সবচেয়ে বেশি করি। কিন্তু অপপ্রচার হয় আমাদের নামেই বেশি।’ এ প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু মাদ্রাসা শিক্ষা বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি টঙ্গীতে বিশ্ব ইজতেমা করার ব্যবস্থা করেন এবং জায়গা বরাদ্দ দেন। কাকরাইল মসজিদের জায়গা বরাদ্দ করেন বঙ্গবন্ধু। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে ধর্মের উন্নয়ন হয় সবচেয়ে বেশি। কিন্তু আমরা ধর্মকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যবহার করি না।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। কারণ ধর্মীয় শিক্ষা না থাকলে প্রকৃত শিক্ষা হয় না। জামায়াত নিষিদ্ধ হলে জনগণ সরকারের সঙ্গে থাকবেআল্লামা মুফতি রুহুল আমিন বলেন, মহানবী (সা.) বিদায় হজেই অসাম্প্রদায়িক চেতনার কথা বলে গেছেন। তাই যারা সাম্প্রদায়িক উসকানি দেয়, তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। তিনি জামায়াতকে আল্লাহর দুশমন আখ্যা দিয়ে বলেন, এদের নির্মূল করতে হবে।শায়খুল হাদিস এমদাদুল্লাহ কাসেমি বলেন, লক্ষ রাখতে হবে, লংমার্চে যাতে কোনো দুষ্কৃতকারী ঢুকে আলেম সমাজকে সরকার ও জনগণের মুখোমুখি দাঁড় না করায়। মাওলানা শামসুল হক বলেন, কওমি মাদ্রাসা জঙ্গি, সন্ত্রাসী পয়দা করে না। সংখ্যালঘুদের ওপর হামলায় কওমি মাদ্রাসার ছাত্ররা জড়িত নন। মাওলানা আবুল কাসেম বলেন, ইসলামের বিকৃতকারী জামায়াত-শিবির। এদের নিষিদ্ধ করা হলে জনগণ বর্তমান সরকারের সঙ্গে থাকবে। মওদুদীর মত কোনো মুসলমান পোষণ করলে তার ইমান থাকবে না। মুফতি শোয়ায়েব ইব্রাহীম জামায়াতকে স্বাধীনতাবিরোধী শক্তি আখ্যা দেন। এ সময় মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের সমঝোতার চেষ্টা চালিয়ে যাওয়ার অংশ হিসেবে আজ এ বৈঠক অনুষ্ঠিত হলো।