কওমি মাদ্রাসার শিক্ষানীতি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘কওমি মাদ্রাসা শিক্ষানীতি ২০১২’ হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ শিক্ষানীতি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। খবর ইউএনবির।কমিশনের সহসভাপতি আল্লামা ফরিদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে তিন সদস্যের ওই প্রতিনিধিদলে ছিলেন সদস্যসচিব আল্লামা মুফতি রুহুল আমিন ও প্রশাসনিক কর্মকর্তা মো. নিজামুল হক। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক সচিব শেখ মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।শিক্ষানীতি হাতে পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামকে ব্যবহারকারী জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ওলামা-মাশায়েখদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত-শিবির পবিত্রতা নষ্ট করে মসজিদ থেকে নিরীহ জনগণের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও জনগণের সম্পত্তির ক্ষতি করেছে। এ সময় তিনি শিশুদের নৈতিকভাবে বেড়ে উঠতে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেন।আল্লামা শাহ আহমদ শফীকে প্রধান করে গত বছরের ১৫ এপ্রিল সরকার ১৭ সদস্যের বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করে।