কওমী জুটমিল চালু হচ্ছে
প্রায় তিন বছর বন্ধ থাকার পর উত্তর বঙ্গের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব কওমী জুটমিল অবশেষে চালু হচ্ছে। এ মাসের যেকোনো সময়ে প্রধানমন্ত্রী মিলটি উদ্বোধন করবেন বলে জানা গেছে। মিলটি চালু করতে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের মেরামতসহ যাবতীয় প্রস্তুতি শেষের পথে। প্রতিষ্ঠানটি চালু হলে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে।গত ২১ সেপ্টেম্বর সরেজমিনে মিল ঘুরে দেখা গেছে, এর তাঁতগুলোর মেরামতসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে শতাধিক শ্রমিক কাজ করছেন। প্রতিদিন ১২২ থেকে ১৫০ জন দক্ষ শ্রমিক দৈনিক হাজিরার ভিত্তিতে মেরামত, রং-লেপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। প্রাথমিক পর্যায়ে ৫০০ ছোট লুমের এক নম্বর ইউনিটটি উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়েছে। এই লুম থেকে প্রতিদিন ৪৫ টন পাটজাত পণ্যের (চট, বস্তা) উৎপাদন হবে।১৯৬০ সালে সিরাজগঞ্জে ৭৫ একর জায়গার ওপর জুটমিলটি প্রতিষ্ঠিত হয়। সে সময় এখানে প্রায় সাত হাজার লোকের কর্মসংস্থান হয়। প্রথম থেকেই মিলটি লাভজনক পর্যায়ে ছিল। স্বাধীনতার পর এটি নতুন ব্যবস্থাপনায় চালু হয়। এ সময়েও বেশ কয়েক বছর লাভের মুখ দেখে প্রতিষ্ঠানটি। কিন্তু ৮০-এর দশক থেকে লোকসান গুনতে শুরু করে মিলটি। পাটক্রয় থেকে শুরু করে বিভিন্ন বিভাগে অনিয়ম ও দুর্নীতি ঢুকে পড়ে। ব্যাংক-ঋণের বোঝা বেড়ে সর্বশেষ ২০০৭ সালের ৩১ জুলাই তা দাঁড়ায় ৬২ কোটি টাকায়। ওই দিন দিবাগত রাতে মিলটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। গোল্ডেন হ্যান্ডসেকের মাধ্যমে সরকারি কোষাগার থেকে শ্রমিক-কর্মচারীদের সব দেনা-পাওনা পরিশোধ করে দেওয়া হয় এবং ফেলে রাখা হয় কোটি কোটি টাকার সম্পদ।বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বন্ধ থাকা জুটমিলগুলো আবার চালুর উদ্যোগ নেওয়া হয়। বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী গত ১৬ সেপ্টেম্বর মিলটি পরিদর্শনে আসেন। এ সময় মন্ত্রী বলেন, মিলটি চালু করতে পাট ক্রয়সহ যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী অক্টোবর মাসের যেকোনো সময়ে মিলটি উদ্বোধন করবেন।মেরামতকাজে নিয়োজিত শ্রমিক মোহাম্মদ আলী, আসাব আলী, হেদায়েতুল ইসলাম জানান, মিলটি চালু হচ্ছে দেখে সিরাজগঞ্জবাসী আনন্দিত। এটি আবার চালু হবে, এমন প্রত্যাশাই ছিল না।মিলের প্রকল্প প্রধান মো. নূরুল ইসলাম জানান, এক নম্বর ইউনিটটি পরিচালনা করতে দুই হাজার ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক নিয়োগ করা হবে। একই সঙ্গে অস্থায়ীভাবে প্রায় দুই হাজার অস্থায়ী শ্রমিক (দৈনিক হারে) কাজ করবে। তিনি আরও জানান, ইতিমধ্যে মিলের মেরামতকাজ সম্পন্ন করতে বিজেএমসির কাছ থেকে ৪৬ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। অক্টোবর মাসের ১০ তারিখের মধ্যে মেরামতসহ যাবতীয় কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, মিলটি চালু হলে এলাকার পাটচাষিরা ন্যায্যমূল্য পাবেন। সরকারের এই সিদ্ধান্তে সিরাজগঞ্জবাসী আনন্দিত।