ককটেল ও ছোরাসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আজ শনিবার সকালে দুটি ককটেল ও একটি ছোরাসহ বহিরাগত চারজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় থানার পুলিশ। তাঁদের বিশ্ববিদ্যালয় থানাহাজতে পাঠানো হয়েছে।আটক হওয়া ব্যক্তিরা হলেন: মো. পিকুল, তুষার, সিদ্দিকুর রহমান ও সোনা মিয়া।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্যা প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এদিকে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে অচলাবস্থা চলছে। গত সোমবার থেকে শুরু হওয়া কুষ্টিয়া ও ঝিনাইদহের পরিবহন ধর্মঘটের ফলে শিক্ষার্থীরা আজও ক্যাম্পাসে যেতে পারেননি। তবে কুষ্টিয়া থেকে পুলিশি নিরাপত্তায় উপাচার্য এম আলাউদ্দিন ও শিক্ষক-কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ে যান। আজ পাঁচটি বিভাগের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।গত বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কিছু নেতা-কর্মী বহিরাগত ব্যক্তিদের নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর চালান। এর আগে গত বুধবার শিক্ষকদের বহনকারী বাসে বোমা হামলা ও অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে।