ককটেল দিয়ে হরতাল শুরু, চলছে ঢিলেঢালাভাবে (ভিডিও)
রাজধানীর মিরপুরে ও দক্ষিণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে আজ মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল শুরু হয়। দু-একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও ঢিলেঢালাভাবে হরতাল চলছে। মিরপুর: পুলিশ জানায়, মিরপুর ১ নম্বরে ওভারব্রিজের কাছে সকাল পৌনে আটটার দিকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে হরতালকারীরা একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে।রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামীম হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে রূপনগর আবাসিক এলাকায় হরতালকারীরা একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এতে কেউ হতাহত হয়নি।গাবতলী: ভোর সাড়ে ছয়টার দিকে রাস্তায় ইট ও ইটের বড় বড় টুকরো বিছিয়ে গাবতলীতে সড়ক অবরোধের চেষ্টা করে হরতালকারীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ফকিরাপুল: ফকিরাপুল ও আরামবাগ মোড়ের মাঝামাঝি স্থানের সড়কে সকাল পৌনে নয়টার দিকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে। সায়েদাবাদ-যাত্রাবাড়ী: সকাল সাড়ে নয়টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পুলিশ ফাঁড়ির কাছে একটি দূরপাল্লার বাসে আগুন ধরিয়ে দেয় হারতালকারীরা। এ ছাড়া, ভোরের দিকে দক্ষিণ যাত্রাবাড়ীতে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। সেখান থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় মিছিলকারীরা।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ঢাকা-গাইবান্ধা সড়কে চলাচলকারী বাসটি দাঁড়ানো ছিল। এর পরও হরতালকারীরা ওই বাসে আগুন দেয়। তবে শিগগিরই পুলিশ আগুন নেভায়। সায়েদাবাদ ও যাত্রাবাড়ীতে আর কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি।