ককটেল ফেটে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরের কুলসুম ততক্ষণে মৃত। আর পাশের বিছানায় সাড়ে চার বছরের রিয়ার ক্ষতবিক্ষত ছোট্ট শরীরটা নিয়ে যুদ্ধ করে চলেছেন চিকিৎসকেরা। দুই বিছানার মাঝে দাঁড়িয়ে রিয়ার বাবা মো. রিয়াজ নির্বাক-নির্বিকার। তখন চলছে শিশুটির ছোট্ট বুকে চাপ দিয়ে কৃত্রিমভাবে শ্বাস নেওয়ানোর চেষ্টা। কিন্তু ১০ মিনিটের মাথায় হাল ছাড়লেন চিকিৎসকেরা। বাবা রিয়াজ চিকিৎসকদের কাছে গিয়ে জানতে চাইলেন, ‘স্যার, শ্যাষ?’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের ব্যর্থ করে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারা যায় রিয়া। তার আগে সাতটার দিকে কুলসুমকেও মৃত ঘোষণা করা হয়। পুলিশ বলছে, কুড়িয়ে পাওয়া ককটেল দিয়ে খেলার সময় বিস্ফোরণে প্রাণ গেছে নিষ্পাপ এই দুই শিশুর।গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর ১৩ নম্বরে বাসায় ককটেল বিস্ফোরণে আহত হয়েছিল শিশু দুটি। চিকিৎসকেরা জানান, বিস্ফোরণে তাদের হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পা, মুখমণ্ডল, বুক-পেটও স্প্লিন্টারের আঘাতে ছিল ক্ষতবিক্ষত। প্রথমে তাদের মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই বিস্ফোরণে নূর আলম ও কাওসার নামের দুই নির্মাণশ্রমিকও আহত হয়েছেন।কুলসুমের বোন হীরা আখতারের মেয়ে শিশু রিয়া। সন্তান লালনপালনের সুবিধার কথা ভেবে মা রিজিয়া বেগমের সঙ্গে একই বাসায় থাকতেন হীরা। রিজিয়া বেগম দুই বছর ধরে ওই বাড়িটির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছিলেন। নিচতলায় রাখা নির্মাণসামগ্রীর ওপরই তাঁদের সংসার। হীরা আখতার জানান, খালা কুলসুমের সঙ্গে বাসার সিঁড়িতে খেলছিল রিয়া। হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ। সঙ্গে ধোঁয়া। তাঁরা দ্রুত গিয়ে দেখেন, রিয়া ও কুলসুম মাটিতে পড়ে রয়েছে। শরীর রক্তাক্ত-ক্ষতবিক্ষত। রিয়ার বাবা মো. রিয়াজ একটি পোশাক কারখানার তত্ত্বাবধায়ক। তিনি বলেন, ‘বোমা হামলার’ খবর পেয়ে তিনি কারখানা থেকে ছুটে যান হাসপাতালে। বিলাপ করে রিয়াজ বলছিলেন, ‘মাইয়াডা আমারে সকালে ডাইকা দেয়, আমি অহন ওর ঘুম ভাঙাই ক্যামনে।’ কুলসুমের বাবা আবদুর রশীদ কাজ করেন আরিচায়। ঘটনা শুনে তিনি হাসপাতালে আসার আগেই মারা যায় তাঁর মেয়ে।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ঘটনাস্থল থেকে লাল ও কালো দুই রঙের টেপ উদ্ধার করা হয়েছে। তাতে মনে হয় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এগুলো কোথা থেকে এল তা জানা যায়নি। পুলিশ নিশ্চিত হয়েছে, ককটেলগুলো কেউ নিক্ষেপ করেনি। শিশু দুটি তা নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার কামাল হোসেন বলেন, ককটেলগুলোর উৎস জানা যায়নি। পুলিশ জানায় ঘটনাস্থল তল্লাশি করে তারা একটি বাজারের ব্যাগ পেয়েছে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক নাশকতায় ব্যবহারের জন্য কেউ ওই ককটেল লুকিয়ে রেখেছিল।ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিস্ফোরণে আহত গ্রিল মিস্ত্রি নূর আলম প্রথম আলোকে বলেন, দুপুরে শিশু দুটিকে বাইরে খেলতে দেখেন তিনি। বিস্ফোরণের ঠিক আগে তিনি নিচতলায় কাজ করছিলেন। শ্রমিক কাওসার পাশ দিয়ে টিউবওয়েলে গোসল করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গাঢ় ধোঁয়ায় ছেয়ে যায় সবকিছু। নূর আলম বলেন, তিনি ভেবেছিলেন বোধ হয় কাওসার তাঁর ঝালাই মেশিনের তারে জড়িয়ে গেছে এবং মেশিনটি বিস্ফোরিত হয়েছে। দৌড়ে গিয়ে তিনি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে খেয়াল করে দেখেন তাঁর পেট থেকে রক্ত ঝরছে। কাওসারও সামান্য আহত। এরপর তিনি দুটি শিশুকে পড়ে থাকতে দেখেন। নূর আলম বলেন, শিশু দুটি কখন খেলতে খেলতে বাড়ির ভেতরে চলে এসেছিল তা তিনি টের পাননি। তাঁরা কী নিয়ে খেলছিল, তা-ও খেয়াল করেননি।কুলসুম স্থানীয় আলজাহারা বালিকা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ত। আর রিয়া স্থানীয় ব্র্যাক পরিচালিত স্কুলে যাওয়া শুরু করেছিল। বাবা-মায়ের চার মেয়ের মধ্যে কুলসুম সবার ছোট। আর রিয়াজ-হীরার দুই মেয়ের মধ্যে রিয়া বড়।