ককটেল বিস্ফোরণ, গুলি, বিএনপির সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে গতকাল বুধবারের বিক্ষোভ-সমাবেশ পণ্ড করার জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।বিএনপির হরতাল ঘোষণার পরপরই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি ও দলটির গতকালের গণবিক্ষোভে ‘বাধা ও মিছিলে গুলিবর্ষণের’ প্রতিবাদে জামায়াত এ কর্মসূচি ঘোষণা করে। গতকাল সন্ধ্যায় বিএনপি ও জামায়াত পৃথক পৃথকভাবে হরতাল ডাকলেও রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলের সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে সব কর্মসূচি হবে জোটের ব্যানারে। এমনকি আজকের হরতালও ১৮ দলীয় জোটের নামে পালন করার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এর আগে সর্বশেষ গত রোব ও সোমবার জামায়াতে ইসলামী এবং মঙ্গলবার বিএনপি হরতাল পালন করেছিল। গতকাল উভয় দলেরই পৃথক বিক্ষোভ কর্মসূচি ছিল। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভপূর্ব সমাবেশ চলাকালে নাইটিংগেল মোড়ের কাছে একটি মিছিল থেকে কয়েকটি ককটেল ফাটানো হয়। এরপর পুলিশ কিছুক্ষণ টানা গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে সমাবেশ পণ্ড হয়ে যায়। এ সময় গুলিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হন। এ ঘটনার পরপরই কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন বিএনপির নেতারা। এরপর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে হরতালের কর্মসূচি দেওয়া হয়। বিএনপি ও পুলিশের পাল্টাপাল্টি অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেছেন, তাঁরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন। সরকার পরিকল্পিতভাবে কোনো উসকানি ছাড়াই বিএনপির সমাবেশে হামলা করেছে। এতে দেড় হাজার নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, পুলিশের সঙ্গে এই হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও অংশ নিয়েছেন। তবে পুলিশ এ ঘটনার জন্য বিএনপি ও তাদের সমাবেশে থাকা ‘ছদ্মবেশী জামায়াত-শিবির’ কর্মীদের দায়ী করেছে। পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এস এম মেহেদি হাসান সাংবাদিকদের বলেন, বিএনপিকে আগেই নাশকতার বিষয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা পুলিশকে বলেছিল সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। কিন্তু সেটা হয়নি। এ জন্য পুলিশ সমাবেশকে অবৈধ ঘোষণা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। নাশকতার বিষয়ে পুলিশের সতর্কতা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল পাল্টা প্রশ্ন করেন, ‘আগে থেকে জেনে থাকলে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি?’যেভাবে ঘটনার সূত্রপাত: তখন বিকেল সাড়ে চারটা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ট্রাকের ওপর তৈরি করা অস্থায়ী মঞ্চে মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। মঞ্চে ছিলেন মির্জা ফখরুল, নজরুল ইসলাম খান, শামসুজ্জামান, আবদুস সালাম, আমানউল্লাহ, রুহুল কবির রিজভী প্রমুখ। এমন সময় সমাবেশস্থল থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে নাইটিংগেল মোড়ের কাছে একটি গলি থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। মিছিল থেকে কয়েকটি ককটেল ফাটানো হয়। তখন সেখানে দায়িত্ব পালনরত পুলিশ ওই মিছিলকারীদের লক্ষ্য করে ফাঁকা গুলি করতে থাকে। একই সঙ্গে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর পুলিশ গুলি করতে করতে নাইটিংগেল মোড় থেকে সমাবেশস্থলের দিকে কিছুটা এগোলে সমাবেশের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। কিছু কর্মী পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়তে থাকেন। এর পরপরই সমাবেশস্থলের পূর্ব পাশে জোনাকি সিনেমা হলের সামনে একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তখন দুই পাশ থেকে পুলিশ সমাবেশের দিকে গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। বিএনপির নেতা-কর্মীদের একাংশ দলীয় কার্যালয়ে ঢুকে পড়ে। অন্য অংশ বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। পুলিশ গলির ভেতর ঢুকেও গুলি করতে থাকে। এ সময় শান্তিনগর ও মালিবাগের দিকেও পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শান্তিনগরে একটি বাসে অগ্নিসংযোগ ও ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। প্রায় আধা ঘণ্টা এভাবে চলে।