ককটেল বিস্ফোরণ নিয়ে বিরোধী দল মিথ্যাচার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, প্রধান বিচারপতির বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিরোধী দল সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পুনর্মিলনীতে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।স্বরাষ্র্বমন্ত্রী বলেন, ‘ঘটনার পর প্রধান বিচারপতির বাড়িতে আমার যাওয়া, জিডি ও মামলা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন যে বক্তব্য দিয়েছেন, তার পুরোটাই মিথ্যাচার।’ তিনি খোন্দকার দেলোয়ারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘বিরোধী দল বলছে, আমি প্রধান বিচারপতির বাড়ি রাত সাড়ে আটটায় গিয়েছি। কী করে এত দ্রুত আমি সেখানে গিয়েছি? আমি সেখানে রাত পৌনে ১১টায় গিয়েছি। বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায়ও এসেছে। তাঁরা বলেছেন, ঘটনার আগেই জিডি করা হয়েছে। কিন্তু থানা থেকে জানানো হয়েছে, কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গেলে একটি কমান্ড সার্টিফিকেট রেখে আসতে হয়।’এ বোমা বিস্ফোরণের ঘটনায় কারা দায়ী—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত শেষে জানা যাবে।’ তবে বিএনপির পাঁচজনের নাম কীভাবে এসেছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘পুলিশ ওই পাঁচজনের নাম দিয়েছে, আমরা দিইনি।’ তিনি বিরোধী দলকে মিথ্যাচার থেকে সরে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।