ককটেল বিস্ফোরণে আহত সাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণে দুই শিশুসহ সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে এ হামলা চালানো হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে শিশু রাব্বীকে (৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। তাঁরা হলেন: আবু হাসিব (১০), এখলাস হোসেন (১২), আল আমিন (২৬), মিলন রহমান (৩৫), বিদ্যুত্ রহমান (২৫) ও রনি আহমেদ (২০)।এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে রনজু মিয়া (১৮) ও ফাইন ইসলাম (১৭) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশের অভিযোগ। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুত্ফর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ মহাস্থানগড় বন্দর কমিটির উদ্যোগে মহাস্থানগড় হাটসংলগ্ন মহাসড়কের পাশে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় বাইরে থেকে মঞ্চের কাছে শক্তিশালী ককটেল ছোড়া হয়।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।