ককবরক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরা জাতির ভাষার নাম ককবরক। ‘কক’ মানে ‘ভাষা’। আর ‘বরক’ মানে ‘মানুষ’। এই দুইয়ে মিলে ‘ককবরক’ শব্দের অর্থ দাঁড়ায় ‘মানুষের ভাষা’। এই ভাষা ভোট-চীন পরিবারের তিব্বতী-বর্মী উপ-পরিবারের ভাষা। এ ভাষার নিজস্ব বর্ণমালা নেই। ককবরক ভাষায় দু ধরনের লিপিতে লেখার প্রচলন আছে—রোমান ও বাংলা। ককবরক ভাষা এই দুই লিপির কোনটিতে লেখা উচিত, তা নিয়ে বাংলাদেশে বিতর্ক আছে।বাংলাদেশে ও ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী প্রায় ১০ লক্ষ ত্রিপুরা ককবরক ভাষায় কথা বলে। মধ্যযুগে ত্রিপুরা জনগোষ্ঠী-শাসিত পূর্ববঙ্গের এক বিশাল এলাকায় ককবরক প্রচলিত ছিল। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে ত্রিপুরাদের অবস্থান তৃতীয়। ১৯৯১ সালের আদমশুমারি অনুসারে এদের জনসংখ্যা ৭৯,৭৭২ জন। টিপরা ও ত্রিপুরা একই জনগোষ্ঠী। ত্রিপুরা জাতি মোট ৩৬টি দফায় বা গোত্রে বিভক্ত। বাংলাদেশে ১৬টি গোত্রের সন্ধান পাওয়া যায় যাদের মধ্যে উপভাষা-ভেদ রয়েছে। অনেক আগে থেকেই ভারতের ত্রিপুরা রাজ্যে ককবরক ভাষা বাংলা হরফে লিখিত হয়ে আসছে। ককবরকের ব্যাকরণ অনেক পুরনো। প্রায় একশ বছর আগে এই ব্যাকরণ রচিত হয়েছে।আর সবার মতো ত্রিপুরাদেরও আছে তাদের মাতৃভাষা ককবরকের জন্য অনুরাগ। একটি ককবরক কবিতায় ধরা পড়েছে মাতৃভাষার প্রতি কবির অকৃত্রিম দরদ, ‘ককবরক অংখা, চিনি আমানি কক্/ ছুঁ ককনৗ হামজাকাদি, অৗ বরকরক।.../ জৗতনি খানাতক আমানি কক্/ মানৗ কসল হামজাকদি নক।’ অর্থাৎ, ‘ককবরক মোদের প্রিয় মাতৃভাষা,/ এ ভাষাকে ভালবেসো হে জনগণ।.../ সবার সেরা মোদের প্রিয় মাতৃভাষা,/ সকলেই ভালবেসো মায়ের মতন।’ককবরক ভাষাকে নানাভাবে সমৃদ্ধ করার আকুতিও রয়েছে ত্রিপুরাদের মনে। ভাষার যেসব দিকের প্রতি এখনও বিশেষ মনোযোগ দেওয়া হয়নি, সেদিকে লক্ষ্য করে একজন ত্রিপুরা কবি ‘ত্রিপুরাগণ’-এর প্রতি আবেদন রাখছেন: ‘কক বরক বাই বিসিনি সালতালনৗ,/ সিনানি নাইদি তিপ্র জাতিনি ককনৗ/ রাচাদি, চিঠি সুইদি ইঁ কক বাই নক/ আইক্যাং খালাইদি অৗ তিপ্রারক।’ এর অর্থ, ‘ত্রিপুরাদের দিন, মাস তারিখ গণনা,/ ত্রিপুরা ভাষায় কী তা কেউ জানে না/ গান গেয়ো, চিঠি লেখো, দিয়ে মাতৃভাষা,/অভ্যাস করতে থেকো ওহে ত্রিপুরাগণ।’