কক্সবাজার ও নাটোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
কক্সবাজারের রামু ও নাটোরের লালপুরে আজ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।রামু (কক্সবাজার): আজ রামু উপজেলায় চাকমারকুল মাদ্রাসা গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আমান উল্লাহ (৩০) ও আলা উদ্দিন (৩০) নিহত হন। তাঁরা দুই বন্ধু। আলা উদ্দিন ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়ার মো. মোক্তার সওদাগর আর আমান উল্লাহ একই এলাকার কালু মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে তাঁরা কক্সবাজার যাচ্ছিলেন। কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি বাস চাকমারকুল মাদ্রাসা গেট এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমান উল্লাহ ঘটনাস্থলে এবং কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে আলা উদ্দিন মারা যান। রামু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লালপুর (নাটোর): পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে জেলার নূরুল্লাহপুরে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলার সালামপুর গ্রামের এরশাদ আলীর ছেলে জামাত আলী (৫০), মহেষপুর গ্রামের আফসার আলীর স্ত্রী রাহেলা বেওয়া (৮০), বোয়ালিয়াপাড়া গ্রামের রমজান আলীর ছেলে রাব্বী (২০) ও মহেষপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে রাসেল (২০) আহত হন। আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক জামাত আলী ও রাহেলা বেওয়াকে মৃত ঘোষণা করেন। ট্রাক ও টেম্পোর চালক পালিয়ে গেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও টেম্পো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।