কক্সবাজার ও পটিয়ায় ১৭ মামলা ১২২ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়া উপজেলায় বৌদ্ধ ও হিন্দুদের মন্দির, বসতবাড়ি ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১৭টি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ১২২ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে ৯৭ জন ও চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে উখিয়া উপজেলায় গত রোববার রাতে দুষ্কৃতকারীরা দুটি বৌদ্ধমন্দিরে অগ্নিসংযোগ করেছে। ভাঙচুর করেছে একটি বৌদ্ধমন্দির ও পাঁচজনের বাড়ি। দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা পায়নি হিন্দুসম্প্রদায়ের লোকজনও। ভাঙচুর করা হয় একটি কালীমন্দির, তিনজনের বসতবাড়ি ও ছয়টি দোকান। পুড়িয়ে দেওয়া হয় একজনের বাড়ি।এ নিয়ে রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উখিয়ার তিনটি বৌদ্ধমন্দিরে অগ্নিসংযোগ ও পাঁচটি মন্দির ভাঙচুর করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যের সঙ্গে মিল নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গতকাল রাজধানী ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় সাংবাদিকদের বলেন, কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ ও হিন্দুমন্দির, ঘরবাড়িতে হামলার ঘটনায় মোট ১৬৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কক্সবাজার থেকে ৯৩ জন ও চট্টগ্রাম থেকে ৭৩ জনকে আটক করা হয়েছে।এর মধ্যে কক্সবাজারে আটক ব্যক্তির সংখ্যা বেড়েছে। তবে চট্টগ্রামে ৭৩ জন কোথা থেকে আটক হলো, তা জানাতে পারেননি জেলা পুলিশের কর্মকর্তারা। এ ব্যাপারে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, পটিয়ায় গত রোববার বৌদ্ধবিহার ও হিন্দুসম্প্রদায়ের মন্দির ভাঙচুরের ঘটনায় গতকাল পর্যন্ত পটিয়া থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাতনামা দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় ২৬ জনকে আটক করা হলেও একজনকে ছেড়ে দেওয়া হয়। পরে ২৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল চট্টগ্রামের বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।কক্সবাজারে ১৪ মামলা, ৯৭ জন আটক: কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রামুসহ জেলার বিভিন্ন স্থানে মন্দির পোড়ানোর ঘটনায় ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় ৯৭ জনকে আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হচ্ছে।এসব মামলার মধ্যে টেকনাফ থানায় দুটি ও উখিয়া থানায় একটি মামলা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মো, ফরহাদ বলেন, উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের জুয়াড়িখোলা এলাকায় অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ ও একজন ক্ষতিগ্রস্ত বাদী হয়ে জামায়াত নেতা ও হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারীকে প্রধান আসামি করে ৬০-৭০ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নীলু কান্তি বড়ুয়া বলেন, রোববার রাতে উখিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৌদ্ধমন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ৩১ জনকে আটক করা হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছেন থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩১ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।নাইক্ষ্যংছড়িতে ৩৪ জন গ্রেপ্তার: রামুর বৌদ্ধধর্মাবলম্বীদের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শনিবার রাতে ৩৪ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান বলেন, রামুতে হামলার রাতে তিনি রামুর দিকে যাচ্ছিলেন। নাইক্ষ্যংছড়ি সদর থেকে কিছুদূর গিয়ে রামুর দিক থেকে একটি বাস আসতে দেখে থামতে বলেন। বাসের পেছনে একটি মোটরসাইকেলে আরও দুজন ছিল। তারা সবাই রামুর দিক থেকে আসছিল এবং তাদের পরনের প্যান্ট ও লুঙ্গি হাঁটু পর্যন্ত কোঁচানো ছিল। হাবভাব দেখে সহজে অনুমান করা যায়, তারা কিছু একটা করেছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেছেন, বিজিবির হস্তান্তর করা ৩৪ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।উখিয়ায় আরও চার মন্দিরে হামলা: রোববার বিকেল সাড়ে চারটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নে জাদিমোরা বৌদ্ধবিহারে ভাঙচুরের মধ্যে হামলা শুরু করে দুষ্কৃতকারীরা। এরপর থেমে থেমে রাত নয়টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে চারটি বৌদ্ধবিহারে ভাঙচুর ও একটি বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ করা হয়।উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে রোববার রাত একটা থেকে অনির্দিষ্টকালের জন্য উখিয়ার সদর স্টেশন, কোর্টবাজার স্টেশন, মরিচ্যা স্টেশন ও বৌদ্ধসম্প্রদায়-অধ্যুষিত এলাকাগুলোয় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, র্যা ব, বিজিবি ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল অব্যাহত রাখায় সকাল থেকে পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে উঠেছে।রোববার রাতে ১৪৪ ধারা জারির এক ঘণ্টা আগে ১২টার দিকে মরিচ্যা বেনুবন বৌদ্ধবিহারের পাকা সাইনবোর্ড ভাঙচুর করা হয়। ১৪৪ ধারা ভঙ্গ করে দিবাগত রাত দুইটার দিকে রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া প্রজ্ঞামিত্র বৌদ্ধবিহার পুড়িয়ে দেয় দুষ্কৃতকারীরা। এতে বিহারের দুটি বৌদ্ধমন্দির এবং মন্দিরের বুদ্ধমূর্তি পুড়ে যায়। রাত তিনটার দিকে পুড়িয়ে দেওয়া হয় পূর্ব ভালুকিয়া বৌদ্ধমন্দির।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যায় পুড়ে যাওয়া দিপাঙ্কর বৌদ্ধবিহারে গিয়ে দেখা যায় এক ধ্বংসস্তূপ। বিহারের পাকা খুঁটিগুলো ছিল দাঁড়িয়ে। এলোমেলোভাবে নিচে পড়ে ছিল ছাদের টিনগুলো। পড়ে ছিল বুদ্ধমূর্তিগুলো।ওই বিহারের ভিক্ষু বিমল জ্যোতি প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা বৌদ্ধমন্দিরের ছোট-বড় ১১০টি বুদ্ধমূর্তি ভাঙচুর করে এবং পেট্রল দিয়ে মন্দির জ্বালিয়ে দেয়।হিন্দুপল্লিতে হামলা: উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোববার রাত ১০টার দিকে ইউনিয়নের গয়ালমারায় দুর্বৃত্তরা হিন্দুসম্প্রদায়ের ভুবনেশ্বরী কালীমন্দিরে তাণ্ডব চালিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় মন্দিরের পাশে ব্রজেন্দ্র শীল, গৌরাঙ্গ শীল, রতন শীলের বাড়ি ভাঙচুর করে এবং ধনশীলের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এ ছাড়া পালংখালী স্টেশনে লক্ষ্মণ নাথ, বাবুল ধরের দোকানসহ ছয়টি দোকানে ভাঙচুর চালানো হয়। ধর্মপ্রাণ মুসলমানদের ধৈর্য ধরার আহ্বান: উখিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি কারি কামাল উদ্দিন আহামঞ্চদ প্রথম আলোকে বলেন, ‘কোরআন শরিফের অবমাননার ঘটনায় প্রকৃত জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানে এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও ভাঙচুর করা ইসলাম সমর্থন করে না। তাই ধর্মপ্রাণ মুসলমানদের ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি।’টেকনাফেও ১৪৪ ধারা: টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, সহিংসতা এড়াতে গতকাল দুপুর একটা থেকে পুরো টেকনাফ উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রণব বল, চট্টগ্রাম; আব্দুল কুদ্দুস, কক্সবাজার; গিয়াস উদ্দিন, টেকনাফ ও রতন কান্তি দে, উখিয়া (কক্সবাজার)]