কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে সেনাসদস্যসহ ৫০ জনের মৃত্যু
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গতকাল সোমবার গভীর রাত এবং আজ মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত নারী, শিশুসহ ৫৪ জনের মৃত্যু হয়েছে।কক্সবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল রাতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে কক্সবাজারের হিমছড়ির ১৭ ইসিবি ক্যাম্পের পাঁচ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আজ বিকেলে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এঁরা হলেন—ওই ব্যারাকের সার্জেন্ট মো. আবছার (সৈনিক নং-১৪৩৬), কর্পোরাল মো. হাবির (১৪৩৮৫২৭), মো. হুমায়ুন (১৪৪৩০৯৯), সৈনিক মো. ইসমাইল (১৪৪৭৩০৬), মো. মালেক (১৪৪৭৪৯৬)। নিখোঁজ রয়েছেন সৈনিক মো. আসলাম (১৪৪৭৫৯১)। এছাড়া কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় রুবি আক্তার (৩০) নামের এক নারী এবং ঘোনাপাড়ায় রহিম উল্লাহ নামের এক শিশু মারা গেছে। আমাদের টেকনাফ প্রতিনিধি জানান, গতকাল সকাল থেকেই টেকনাফে ভারীবর্ষণ শুরু হয়। আজ ভোর চারটার দিকে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে উপজেলা পরিষদ-সংলগ্ন টুইন্ন্যার পাহাড় এলাকায় দুই পরিবারের নয়জন মাটিচাপা পড়ে। পরে ওই দুই পরিবারের আবদুল জলিল (৩৫), তাঁর স্ত্রী শাহানা (২৫), তিন সন্তান রাজ্জাক (১১), শিউলি (৮) ও শারমিন (৩) এবং মো. হাসিম, তাঁর তিন সন্তান কুলসুমা (৭), নুরুল (৩) ও হালিমার লাশ উদ্ধার করা হয়।এ ছাড়া হোয়াইক্ষংছড়ি থেকে ২০ জনের এবং হ্নীলা এলাকার থেকে একই পরিবারের চারজনসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে টেকনাফে এ পর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিমউদ্দিন।আমাদের উখিয়া প্রতিনিধি জানান, গতকাল গভীর রাতে পাহাড় ধসের ঘটনায় সেখানে এ পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রহমতের বিল গ্রামে নিহত একই পরিবারের পাঁচজন হলেন জয়নালউদ্দিন (৪০), তাঁর স্ত্রী ইয়াসিন আক্তার (৩০) এবং তাঁর তিন সন্তান আরমান (১০), সোহান (৪) ও রেহানার (৭) লাশ উদ্ধার করা হয়েছে। ধামনখালী গ্রামে নুরুল আমিন (১৪) ও আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। চৌধুরীপাড়া গ্রামে পাহাড় ধসে মারা গেছে আরমান (১৬) ও সাইফুলের (১৫)। উপজেলা ইউএনও গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, পাহাড় ধসে এত বেশি মানুষের মৃত্যুর ঘটনায় সারা দেশ হতবাক হয়েছে। প্রশাসন জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে পাহাড়ে বসবাসরত লোকজনকে সরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। এদিকে আমাদের বান্দরবান প্রতিনিধি জানান, প্রবল বর্ষণের কারণে গতকাল গভীর রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ইউনিয়নের দুর্গম বাজাবনিয়া উত্তরপাড়ায় আকস্মিকভাবে পাহাড় ধস শুরু হয়। এতে পাহাড়ের পার্শ্ববর্তী বাড়ির খায়রুল বাশার (৩০), খাদিজা বেগম (২৫) এবং তাঁদের দুই শিশুসন্তান মো. সাকিব (৫) ও শাকেরা (২) মারা গেছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে। প্রবল বর্ষণে বাকখালী নদীর পানি বেড়ে যাওয়ায় গতকাল সকাল থেকেই নাইক্ষ্যংছড়ির সঙ্গে অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দীপক বড়ুয়া ও নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে নির্বাচিত সাংসদ লুত্ফুর রহমান কাজল, জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হকসহ সংশি¬ষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ততপরতা চালাচ্ছেন। পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানান, বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচ সেনা সদস্যের লাশ মাটি সরিয়ে উদ্ধার করা হয়েছে।