কক্সবাজার ও সেন্ট মার্টিনে পর্যটকের ঢল
পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে প্রতিবছরের মতো এবারও পর্যটকেরা ভিড় জমাতে শুরু করেছেন। এতে কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের চার শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও বাংলোর সব কক্ষই আগামী ৩ জানুয়ারি পর্যন্ত বুকিং হয়ে গেছে। এ সুযোগে কক্সবাজার ও সেন্ট মার্টিনের হোটেল-মোটেলগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া সেন্ট মার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজগুলোও অতিরিক্ত যাত্রী বহন করছে।‘বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে গত বছর পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে প্রায় তিন লাখ মানুষের সমাগম ঘটেছিল। এবার অন্তত দুই লাখ মানুষের সমাগম ঘটবে। রাতের বিনোদনসেবা বাড়ানো গেলে পর্যটকের সংখ্যা আরও বাড়ত। কক্সবাজারে সমুদ্র দেখে সময় কাটানো ছাড়া আর তেমন কিছু করার নেই।’পুরোনো বছরকে বিদায় জানাতে ও নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজারে আসা পর্যটকদের ব্যাপারে এসব কথা বলেন জেলার ঝাউতলায় পর্যটকদের বিনোদনসেবায় নিয়োজিত পর্যটনবিষয়ক প্রতিষ্ঠান টুয়াকের নেতা এবং বে অব বেঙ্গল গ্রুপের পরিচালক তোফায়েল আহমদ। দেশের মানুষ কক্সবাজারে ছুটে যাচ্ছে। পর্যটকদের বিনোদনসেবা দিতে তারকা মানের হোটেল ওসান প্যারাডাইস, সীগাল, লং-বিচ, কক্স-টু ডে, প্রসাদ প্যারাডাইস, সী-প্যালেসসহ কয়েকটি হোটেলে দেশি-বিদেশি তারকাদের নিয়ে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বছরের শেষ দিন সন্ধ্যা থেকে সৈকতের বালুচরে একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেল বিচ লাইফ কনসার্টের আয়োজন করবে।কক্সবাজার হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, বর্তমানে শহরের বিভিন্ন হোটেল ও মোটেলে ৬০ হাজারের মতো পর্যটক আছেন। আরও লক্ষাধিক আসবেন। সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, হাজার হাজার পর্যটকের ঢল নেমেছে সমুদ্রসৈকতে। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যাওয়া ব্যবসায়ী অনিল বড়ুয়া (৪৫) জানালেন, ৩১ ডিসেম্বর বিকেলে এই সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানাবেন। পরের দিন পাশের হিলটপ পাহাড়ের চূড়ায় উঠে নতুন বছরের সূর্য দেখে বিকেলে বাড়ি ফিরে যাবেন। কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া নিরাপত্তার প্রস্তুতি সম্পর্কে বলেছেন, থার্টিফার্স্ব নাইট উদযাপনসহ ভ্রমণে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ একাধিক বাহিনী সক্রিয় থাকবে। সৈকতসহ শহরের বিভিন্ন স্থানে একাধিক তল্লাশিচৌকি বসানো হবে। মাদকের ব্যবহার কমাতে হোটেল-মোটেল জোনসহ শহরের বিভিন্ন সড়কে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন ও ব্যাগ তল্লাশি করা হবে।এদিকে কুমিল্লা থেকে সপরিবারে সেন্ট মার্টিনে যাওয়া ব্যবসায়ী আবদুল হাদী (৪৮) অভিযোগ করে বলেন, বেলা দুইটা পর্যন্ত ২০টির বেশি কটেজে গিয়ে তিনি ভালো মানের কোনো কক্ষ পাননি। তিনটার দিকে তিনগুণ বেশি ভাড়া দিয়ে একটি কটেজে মাত্র তিন দিনের জন্য একটি কক্ষ ভাড়া নিয়েছেন।অনেক পর্যটকের অভিযোগ, ভিড়ের কারণে কিছু হোটেল-কটেজ মালিকেরা প্রতিটি কক্ষের জন্য তিন-চারগুণ বেশি ভাড়া নিচ্ছেন। পাশাপাশি এ রুটে চলাচলকারী জাহাজগুলো বেশি ভাড়া আদায় করছে। কিন্তু এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোনো নজরদারি নেই।সেন্ট মার্টিন ব্যবসায়ী সমিতির সভাপতি ও হোটেল-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান বলেন, শিগগিরই কক্ষের ভাড়া নির্ধারণ করে সব হোটেল-কটেজে তা টাঙানো হবে। এতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে।