কক্সবাজার কলেজের ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ
কক্সবাজার সরকারি কলেজের ছাত্রাবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কাল বৃহস্পতিবারের আগে হল ত্যাগের জন্য ছাত্রদের নোটিশ দেয়।শিবির ক্যাডারদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত এ ছাত্রাবাসটি বন্ধের জন্য ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ সাধারণ শিক্ষার্থীরা গত ২৯ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেন।কলেজের অধ্যক্ষ বাবুল কান্তি পাল অনির্দিষ্টকালের জন্য কলেজের ছাত্রাবাসটি বন্ধ ঘোষণার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে ৩০ জনের বেশি ছাত্র ছাত্রাবাস ত্যাগ করেছে। আজ বুধবার সন্ধ্যার আগে অবশিষ্ট ছাত্ররা হল ত্যাগ করবে। ছাত্রাবাসে মোট ছাত্র রয়েছে ৪০ জন।ছাত্রাবাস বন্ধ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ বাবুল কান্তি পাল জানান, কলেজের একাডেমিক বোর্ডের সিদ্ধান্তমতে ছাত্রাবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আজ সন্ধ্যার মধ্যে ছাত্ররা ছাত্রাবাস ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। ছাত্রাবাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।