কক্সবাজার ময়মনসিংহ বরিশালে জমি, আছে চলচ্চিত্র ব্যবসা
কক্সবাজার শহর থেকে ১০ কিলোমিটার দূরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে টেকনাফ রোডের পাশে সাম্প্রতিক সময়ে প্রায় ২৪২ বিঘা জমি কিনেছেন নাজিম। রামু সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, সর্বশেষ গত দুই মাসে স্থানীয় আলী আহম্মদ, ফজল আহম্মদ, সুলতান আহম্মদ, মনিরুল আলম চৌধুরী, মেরাজ খাতুন, গোলাম কবির, উমেদা খাতুন ও ফরিদা বেগমের কাছ থেকে তিন একর ৫৮ শতক জমি নাজিম নিজ নামে কিনেছেন। আরও প্রায় ৩০ জনের কাছ থেকে আমমোক্তারনামার মাধ্যমে জমি নিয়েছেন তিনি।পুলিশ সূত্র জানায়, নাজিম রিমান্ডে বলেছেন, তিনি কক্সবাজারে মোট ২৬৫ বিঘা জমি কিনেছেন। এসব জমি মূলত বসুন্ধরা গ্রুপের জন্যই তিনি কিনেছেন।এ ছাড়া ডেমরার অদূরে কাজলায় ১৪ বিঘা জমি কিনে একটি আবাসন প্রকল্প শুরু করেন নাজিম। তাতে কাউন্সিলর আহাম্মদ পুরো টাকা বিনিয়োগ করলেও কাগজপত্রে মালিক নাজিম। এরই মধ্যে ওই সব জমির দাম কয়েক গুণ বেড়ে গেছে।ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে আট একর ও বরিশালের বাবুগঞ্জে ২৮ বিঘা জমি আছে নাজিমের। নাজিমের মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকার মতো। তবে রিমান্ডে নাজিম দাবি করেছেন, সব ধারদেনা বাদ দিলে তাঁর সম্পদের পরিমাণ ৫০ থেকে ৬০ কোটি টাকা হবে।চলচ্চিত্রে বিনিয়োগ: নাজিমের আয়কর ফাইলে তাঁর ব্যবসা হিসেবে চলচ্চিত্র, আবাসন, হাসপাতাল, পোশাকশিল্প ও সুপার মার্কেট বলে উল্লেখ আছে। তাঁর চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নাম নাদিম-নাফিম্স ফিল্মস। এ প্রতিষ্ঠানের প্রযোজনায় এ পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্র হচ্ছে সিটি টেরর, মমতাজ, তুই যদি আমার হইতি রে, ঢাকার পোলা বরিশাইল্যা মাইয়া, জীবনের চেয়ে দামি। মুক্তির অপেক্ষায় আছে আরও ছয়টি। গ্রেপ্তার হওয়ার আগে সর্বশেষ মহরত করেছেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি। ছবির পরিচালক উত্তম আকাশ। নাজিম রিমান্ডে পুলিশকে বলেছেন, আহাম্মদ হত্যার পরপর পরিচালক উত্তম আকাশ তাঁকে প্রথম মুঠোফোনে খবর দেন। তখন তিনি গাড়ি চালিয়ে বরিশালের পথে ফরিদপুর পার হচ্ছিলেন।