কক্সবাজার সমুদ্রসৈকতকে দখলমুক্ত করতে আজ সোমবার সকাল থেকে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করেছে। দুপুর পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্ট ও তত্সংলগ্ন ঝাউবাগানের ভেতর অবৈধভাবে স্থাপিত শতাধিক ঝুপড়ি দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সময় ভ্রাম্যমাণ আদালত সৈকতের সি-ইন পয়েন্টে নোংরা পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশদূষণের দায়ে একটি বেসরকারি রিসোর্ট কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ওই প্রতিষ্ঠানের দুজনকে তিন মাসের কারাদণ্ড দেন। আজ সকাল ১০টা থেকে পরিচালিত উচ্ছেদ অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শুকুর আলী নেতৃত্ব দেন। আর ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. শুকুর আলী জানান, দুপুর দুইটা পর্যন্ত কয়েক ঘণ্টার অভিযানে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শামুক-ঝিনুক দিয়ে তৈরি পণ্য বিক্রির শতাধিক দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সৈকতের কলাতলী, লাবণী, শৈবাল, ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত আরও কয়েক কিলোমিটার সৈকত দখল করে তৈরি করা নানা স্থাপনাও উচ্ছেদ করা হবে। উল্লেখ্য, গত ১০ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সাত দিনের মধ্যে সমুদ্রসৈকতে স্থাপিত সব স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ এবং এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে কক্সবাজারের জেলা প্রশাসক, জেলা পলিশ সুপার ও সদর থানার ওসিকে নির্দেশ দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শুকুর আলী জানান, ২১ জানুয়ারি উচ্ছেদ-সংক্রান্ত হাইকোর্টের নির্দেশের কপিটি হাতে এলে ২৭ জানুয়ারির মধ্যে (সাত দিন) সৈকতে স্থাপিত সব স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ পাঠানো হয়েছে। এর বাইরে গণবিজ্ঞপ্তি জারি করে সৈকতের বিভিন্ন স্থান ও ঝাউবাগানের ভেতর স্থাপিত সব স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। এখন এসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ২৭ জানুয়ারির পর বড় স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।