কক্সবাজার সমুদ্রসৈকতের স্থাপনা সরাতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে থাকা স্থাপনা সরানোর পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে পৃথকভাবে চার ব্যবসায়ীর করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।আজ সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে সমুদ্রসৈকত এলাকায় থাকা স্থাপনা উচ্ছেদে আইনগত কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে গত ১০ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সমুদ্রসৈকতে থাকা স্থায়ী-অস্থায়ী সব স্থাপনা উচ্ছেদ করতে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন।কক্সবাজার সমুদ্রসৈকত রক্ষা, স্থাপনা নির্মাণ বন্ধ ও সেখানে থাকা স্থাপনা সরানোর নির্দেশনা চেয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন রিটটি করে। হাইকোর্টের নির্দেশনা অনুসারে ১২ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক সমুদ্রসৈকত এলাকার স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দেন। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে চার ব্যবসায়ী হাইকোর্টের অপর একটি বেঞ্চে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই বেঞ্চ নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এ আদেশ প্রত্যাহার চেয়ে মূল রিট আবেদনকারী হাইকোর্টে আবার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেন। এ প্রত্যাহার আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগের আবেদন করেন চার ব্যবসায়ী। ২৪ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। গতকাল এ বিষয়ে শুনানি শেষ হয়। আদালত আজ এ আদেশ দেন।