কক্সবাজার সমুদ্রে এবার আরেক ছাত্রের মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে ঢাকার এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মো. ইব্রাহিম (১৬) যাত্রাবাড়ী সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার মো. করিমের ছেলে। আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গত শুক্রবার সকালে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ‘ফ্রেন্ডস বিনোদন’ নামে ৮২ জনের একটি দল কক্সবাজারে ভ্রমণে আসে। তারা সৈকতের বেবিউ গেস্টহাউসে ওঠে। গত ৩ সেপ্টেম্বর সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে একইভাবে মারা যায় চট্টগ্রাম মহানগরের খুলশী এলাকার স্কুলছাত্র মো. সান (১৭)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ইব্রাহীমসহ তিন স্কুলছাত্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এর ১০ মিনিটের মাথায় বিশাল একটি ঢেউ তিনজনকে ভাসিয়ে নিয়ে যায়। ১২টা ১৫ মিনিটে স্থানীয় রবি লাইফ গার্ড স্টেশনের কয়েকজন ডুবুরি সাগরে তল্লাশি চালিয়ে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। দুপুর সাড়ে ১২টায় ইব্রাহিমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক হাসিবুস সাত্তার জানান, হাসপাতাল আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পানি খেয়ে তার পেট ফুলে যায়।রবি লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও ডুবুরি সৈয়দ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে তিন শিশু শত শত মানুষের ভিড়ে গোসল করতে নামে। এ সময় সাগরে ভাটা ছিল। সৈকতে ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তায় নিয়োজিত পর্যটক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী ইব্রাহিমের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দুপুরে ভাটার সময় নিষেধাজ্ঞা অমান্য করে পাঁচ হাজারের বেশি পর্যটক গোসলে নামেন। তাঁদের বাধা দিলে উল্টো গালমন্দ করছেন। বিপুলসংখ্যক পর্যটককে সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।