কক্সবাজার সৈকত থেকে বালু তোলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্ট থেকে বালু তোলা হচ্ছে। পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন করে সমুদ্রের তলদেশ থেকে মেশিন দিয়ে বালু তুলে এ কাজ করায় হুমকির মুখে পড়েছে সৈকতের ওই অংশ। অথচ এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।জানা গেছে, কলাতলীতে সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন থেকে উত্তর দিকে প্রায় আড়াই শ মিটার দূরে কিছুদিনের মধ্যে একটি হোটেলের নির্মাণকাজ শুরু হবে। এ জন্য ইট, বালু, রড ও সিমেন্টসহ নির্মাণসামগ্রী আনা-নেওয়ার জন্যই বালু তুলে সৈকতের ওপর দিয়ে একটি রাস্তা তৈরি করছে হোটেল কর্তৃপক্ষ। এ বিষয়ে জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ প্রথম আলোকে জানান, সমুদ্র থেকে বালু তুলে রাস্তা তৈরির অনুমতি কাউকে দেওয়া হয়নি। পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন করে যারা এসব কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত মঙ্গলবার সকালে কলাতলী পয়েন্টে গিয়ে দেখা যায়, মেশিন দিয়ে বালু তুলে ‘জিও টেক্স’ দিয়ে (এক ধরনের লম্বা বস্তার ভেতর বালু ভরা) রাস্তা তৈরি করা হচ্ছে। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, এক সপ্তাহ ধরে বালু তুলে রাস্তা নির্মাণের কাজ চলছে। জোয়ারের সময় সমুদ্রে পানি ওই রাস্তার পাশে চলে আসার পর পর্যটকেরা রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করলে রাস্তা নির্মাণকাজের শ্রমিকেরা বাধা দিচ্ছেন। এতে পর্যটকেরা উল্টো পথে ফিরে যেতে বাধ্য হচ্ছেন বা হাঁটুপানি ডিঙিয়ে ওই অংশ পার হচ্ছেন।ঢাকার সাভার থেকে ভ্রমণে আসা পর্যটক আবদুল করিম (৪৫) ক্ষোভের সঙ্গে বলেন, পর্যটকেরা অনেক দূর থেকে আসেন পৃথিবীর দীর্ঘতম সৈকতের সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু সৈকতে যেভাবে হোটেল-মোটেলসহ বিভিন্ন স্থাপনা গজিয়ে উঠছে, তাতে একটু নির্বিঘ্নে হাঁটাচলার পথও থাকছে না।কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি দীপক শর্মা জানান, সমুদ্রের তলদেশ থেকে বালু তোলা হলে ওই এলাকার সৈকতে ভাঙন ধরতে পারে। এতে হুমকির মুখে পড়বে পরিবেশ। বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছে না।কলাতলী সৈকতের ওই পয়েন্ট দিয়ে সাবমেরিন কেবলের তার উঠে ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কাজেই সেখানে বালু তোলা হলে ওই লাইন হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া জোয়ারের স্বাভাবিক গতি ওই রাস্তায় এসে বাধা পাওয়ায় আশপাশের এলাকা ধসে যেতে পারে।রাস্তা নির্মাণকাজের তদারকি করছেন এনামুল হক নামের স্থানীয় এক ব্যক্তি। তিনি দাবি করেন, মালামাল আনা-নেওয়ার জন্যই রাস্তাটি করা হচ্ছে।সমুদ্র থেকে বালু তুলে সৈকতে রাস্তা তৈরি সম্পর্কে জানতে চাইলে এনামুল হক দাবি করেন, এ জন্য সি-বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার অঞ্চলের জীববৈচিত্র্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সমুদ্রের বালু দিয়ে সৈকতের ওপর রাস্তা তৈরির বিষয়টি তাঁর জানা নেই। ঘটনার সত্যতা পাওয়া গেলে পরিবেশ অধিদপ্তর মামলা করবে।