কক্সবাজার সৈকতে পর্যটক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের উপস্থিতি কমে গেছে। অন্যান্য বছর ঈদের দ্বিতীয় দিন সমুদ্র সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটলেও এবার মাত্র ১৫ থেকে ২০ হাজার পর্যটক এসেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, মাত্র কয়েক হাজার পর্যটক সাগরে নেমে গোসল করছেন। কেউ বালুচরে দৌড়ঝাঁপ দিচ্ছেন। কেউ আবার হাঁটু সমান পানিতে নেমে হাতবল খেলছেন। প্রচণ্ড গরমে সাগরের ঠান্ডাজল সবার মনে আনন্দের মাত্রা বাড়িয়ে দিলেও বাড়ি ফেরা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন। ঢাকার মগবাজার থেকে আসা পর্যটক কেরামত আলী (৪৫) বলেন, ‘কয়েকদিন থাকার ইচ্ছায় ছেলে-মেয়েদের নিয়ে ঢাকা থেকে সরাসরি বাসে করে আজ সকাল ১০টায় কক্সবাজার পৌঁছেছি। রাস্তাঘাটের যে অবস্থা তাতে শরীর ব্যথা হয়ে গেছে। ভাঙাচোড়া রাস্তার কারণে শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন চলাচল তেমন একটা করছে না। ফলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার ফিরে যাবার জন্য বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না। তাই ভাবছি কাল শুক্রবার চট্টগ্রাম হয়ে রেলগাড়িতে করে ঢাকায় ফিরে যাব।’ কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ‘গত বছর ঈদের পরদিন থেকে দৈনিক এক লাখ পর্যটক সৈকতে আসতেন। এ কারণে তিন শতাধিক হোটেল মোটেলের কোনটির কক্ষ খালি ছিল না। কিন্তু এবার তার ব্যতিক্রম দেখা দিচ্ছে। পুরো সৈকত এখন ফাঁকা। আজ ঈদের দ্বিতীয় দিন কক্সবাজার শহরে ২০ হাজারের মতো পর্যটক উপস্থিত হয়েছেন। সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা এবং নানা দুর্ভোগের কারণে পর্যটকেরা ভ্রমণে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে হোটেল মালিকরা হতাশ হয়ে পড়েছেন।’ পর্যটকদের ভ্রমণ সেবায় নিয়োজিত শতাধিক ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোর সংগঠন ‘টুয়াক’ (ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন) নেতা তোফায়েল আহমদ জানান, ‘গত ২৯ আগস্ট সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে মারা যান ঢাকার ক্লোজআপ ওয়ান শিল্পী আবিদসহ তিনজন। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরটি পর্যটকের মনে প্রভাব ফেলেছে। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ায় এবার কক্সবাজারে পর্যটকের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে গেছে।’ কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, এখন সৈকতে ২০ হাজারের মতো পর্যটক আছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। ভাটার সময় যেন কেউ সাগরে নামতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দর্শনীয় স্থান ও বিপণি কেন্দ্রগুলোতেও পুলিশি টহল জোরদার করা হয়েছে। নিরাপদ ভ্রমণ সম্পর্কে পর্যটকদের সচেতন করতে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে বিলি করা হচ্ছে কয়েক হাজার প্রচারপত্র।