কক্সবাজার সৈকতের সব স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ
কক্সবাজার সমুদ্রসৈকতে অবস্থিত স্থায়ী-অস্থায়ী সব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি এই নির্দেশ দিয়ে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।একই সঙ্গে আদালত তিন মাসের মধ্যে সমুদ্রসৈকত এলাকার সীমানা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করতে কক্সবাজারের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সমুদ্রসৈকতে স্থাপনা নির্মাণ ও দখল রোধে কক্সবাজারের পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নজরদারির ব্যবস্থা করতে বলা হয়েছে।কক্সবাজারের সমুদ্রসৈকত রক্ষায় সেখানে স্থাপনা নির্মাণ বন্ধে এবং নির্মিত স্থাপনা সরানোর নির্দেশনা চেয়ে জনস্বার্থে গত রোববার রিটটি করা হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চারজন আইনজীবী রিট আবেদনটি করেন। এর ওপর প্রাথমিক শুনানির পর গতকাল আদালত রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকা দখল ও স্থাপনা নির্মাণ রোধে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়। আগামী তিন সপ্তাহের মধ্যে পরিকল্পনাসচিব, অর্থসচিব, বনসচিব, স্থানীয় সরকারসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার সি বিচে অস্থায়ী ও স্থায়ী স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে সৈকতের প্রকৃত অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমুদ্রসৈকত এলাকায় স্থাপনা নির্মাণের কারণে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। এর মাধ্যমে পর্যটকদের আকর্ষণ নষ্ট করে সেখানকার ঐতিহ্যও ধ্বংস করা হচ্ছে বলে ৫ জানুয়ারি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। মনজিল মোরসেদ আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।