কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকেরা জেলার কলাতলী এলাকায় আজ শনিবারও তাঁদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন। বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ করছিলেন।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ, লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায় জামায়াত-শিবির হামলা করায় এবং ভাঙচুর চালিয়ে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গতকাল শুক্রবার থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে কক্সবাজারে বেড়াতে যাওয়া ১০ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন। এর প্রতিবাদে গতকাল রাত ১১টার দিকে বিপুলসংখ্যক পর্যটক কলাতলী এলাকার হোটেল-মোটেল জোনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ সকাল থেকে তাঁরা আবার সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।ঢাকার চকবাজার থেকে পরিবার নিয়ে ভ্রমণে যাওয়া পর্যটক মমতাজুল ইসলাম (৪৫) বলেন, ‘গত বুধবার সকালে কক্সবাজারে আসি। আগামী রোববার থেকে টানা তিন দিনের হরতালের ঘোষণা পেয়ে গতকাল সকালে বাড়ি ফেরার জন্য হোটেল ছেড়েছি। কিন্তু বাড়ি যাওয়ার গাড়ি পাচ্ছি না। আমরা কি রাস্তায় পড়ে থাকব ?’কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা সাইফুল ইসলাম (৩৪) বলেন, ‘আজও চট্টগ্রামের উদ্দেশে কোনো বাস ছাড়ছে না। এতে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ এ বিষয়ে পুলিশ সুপার মো. আজাদ মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘পুলিশি পাহারায় মাইক্রোবাস, অটোরিকশায় করে কিছু পর্যটককে চকরিয়া পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু লোহাগাড়া এলাকায় আজ সকালে নতুন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বাস চলাচল আবার বন্ধ হয়ে গেছে। আজ রাতে আটকে পড়া অন্য পর্যটকদের নিরাপত্তা দিয়ে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ চলছে। এ ব্যাপারে বাস মালিকদের সঙ্গে আলোচনা চলছে।’হানিফ পরিবহনের ম্যানেজার আবদুল হামিদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘নিরাপত্তা নেই বলে আমরা সড়কে গাড়ি নামাচ্ছি না।’