কক্সবাজারে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত শতাধিক, আটক ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানোর ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনায় পুলিশ, শিক্ষক, সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রশিবিরের কলেজ শাখার সেক্রেটারিসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টা থেকে সম্মান প্রথম বর্ষের নতুন ক্লাসে অংশ নেওয়ার জন্য নবাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। এ সময় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা পৃথকভাবে ক্যাম্পাসে দাঁড়িয়ে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান।পরে সকাল ১০টার দিকে কলেজ শিবিরের সভাপতি হাসান মোহাম্মদ ইয়াসিন, সেক্রেটারি লোকমান হাকিম, সাবেক সভাপতি সরওয়ার কামালের নেতৃত্বে শিবিরের অর্ধশতাধিক বহিরাগত ক্যাডার ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কলেজের অধ্যক্ষ মো. ছলিমুর রহমান, পুলিশ, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থীসহ অন্তত শতাধিক আহত হন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে কক্সবাজার সদর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।কিন্তু দুপুর ১২টার দিকে আবারও ছাত্রলীগের সঙ্গে শিবিরের দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। পরে বেলা একটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি লোকমান হাকিমসহ শিবিরের ১৫ জন ক্যাডারকে আটক করে।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে হামলার প্রতিবাদে জেলা ছাত্রলীগ বিকেলে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও লালদীঘির পাড়ে প্রতিবাদ সমাবেশ করেছে।