কক্সবাজারে ছাত্রলীগের সম্মেলন পণ্ড, সংঘর্ষে পুলিশসহ আহত ৫৫
ছাত্রলীগের একপক্ষের হামলা ও ভাঙচুরে শেষ পর্যন্ত কক্সবাজার জেলা ছাত্রলীগের কাউন্সিল পণ্ড হয়ে গেছে। প্রায় সাড়ে ছয় বছর পর গতকাল বৃহস্পতিবার এ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অধিবেশন চলাকালে গতকাল রাত ১০টার দিকে সংগঠনের স্থানীয় একটি পক্ষ অনুষ্ঠানের অভ্যর্থনা তোরণে আগুন ধরিয়ে এবং সামনের সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। তখন পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও লাঠিপেটায় তিন পুলিশসহ অন্তত ৫৫ জন আহত হয়। দলীয় নেতা-কর্মী, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন সম্মেলনের উদ্বোধন করেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্মেলন শেষ হয়। নেতা নির্বাচনের জন্য কাউন্সিল অধিবেশন শুরু হয় রাত সাড়ে আটটায়। রাত সাড়ে নয়টার দিকে কেন্দ্রীয় নেতারা ভোট দেওয়ার জন্য উপজেলার কমিটিগুলো থেকে ২৫ জনকে কাউন্সিলর ঘোষণা করলে ছাত্রলীগের একটি অংশ ‘মানি না, মানব না’ বলে স্লোগান দেওয়া শুরু করে। একপর্যায়ে তারা হলের চেয়ার ভাঙচুর শুরু করে। এ সময় পুলিশ উত্তেজিত কর্মীদের নিবৃত্ত করতে গেলে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজন নেতা-কর্মীকে লাঠিপেটা এবং পরে আটক করে রাখলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ১১টার দিকে জেলার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি ঘটনাস্থলে পৌঁছে আটক ছাত্রলীগ কর্মীদের থানায় নিয়ে যেতে চাইলে সংগঠনের কর্মীরা পুলিশ সুপারকে অবরোধ করে রাখে। একপর্যায়ে আটক নেতাদের ছেড়ে দেওয়া হলেও তাদের কেন আটক করে নাজেহাল করা হলো—এ অভিযোগে সম্মেলন অনুষ্ঠানের তোরণে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর তারা সম্মেলনস্থলের সামনের কলাতলী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ অবরোধ সরাতে গেলে ওই কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও লাঠিপেটার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ এবং ৫২ ছাত্রলীগ নেতা-কর্মী আহত হয়। রাত ১২টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রীয় নেতারা কাউন্সিল অধিবেশন স্থগিত ঘোষণা করে সম্মেলনস্থল ত্যাগ করেন। জেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আজিম কনক বলেন,‘ছয় বছরের বেশি সময় ধরে জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছি। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে সম্মেলনটা শেষ করে জেলা ছাত্রলীগের নতুন নেতৃত্ব উপহার দিতে। কিন্তু একটি পক্ষের কারণে তা পণ্ড হয়ে গেল।’কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।