কক্সবাজারে জঙ্গি সন্দেহে ৩৫ জন গ্রেপ্তার
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ গতকাল শনিবার জামায়াতে ইসলামী পরিচালিত একটি বেসরকারি সংগঠনের (এনজিও) ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা জঙ্গি তৎপরতায় জড়িত থাকতে পারেন—এমন সন্দেহে গতকাল তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া জামায়াতে ইসলামীর এনজিও ওয়ার্ল্ড অ্যাসেম্বলি ফর মুসলিম ইয়ুথ (ওয়ামি) হোটেল আল-বাট্রসের হলরুমে গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বৈঠক শুরু করে। জামায়াত-শিবির ক্যাডারদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে—এমন খবরের ভিত্তিতে পুলিশ ওই অভিযান চালিয়ে চার তরুণীসহ ৩৫ জনকে আটক করে। তাঁরা জঙ্গি তৎপরতা ছাড়াও নাশকতা, মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাসহ দেশবিরোধী কাজের জন্য গোপন বৈঠক করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।তবে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জি এম রহিমউল্লাহ দাবি করেন, ‘আমার জানামতে, ওয়ামি একটি ইসলামি এনজিও। এর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কেউ তাঁর দলের নন।’গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোক্তার আহমদ, আমিন উল্লাহ, ছখিনা খানম, দিলরুবা বেগম, মো. আবদুল্লাহ, ছলিম উল্লাহ, মো. হাশেম, আছাদ উল্লাহ, নুরুল কবির, রিদুয়ান হক, এনায়েত উল্লাহ, সাইফুদ্দিন মো. খালেদসহ ৩৪ জন।হোটেল আল-বাট্রসের মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ওয়ামি নামের ওই এনজিও তিন দিনের জন্য হোটেলের একটি হলরুম ও ১০টি কক্ষ ভাড়া নেয়। এর জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা তাঁর জানা নেই।থানাহাজতে আটক ব্যক্তিদের কয়েকজন সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার সকালে ওয়ামির কয়েকজন কর্মী তাঁদের ওই হোটেলে নিয়ে আসেন। ওই দিন সকাল ১০টায় হোটেলের একটি হলরুমে প্রাথমিক শিক্ষার ওপর কয়েক ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হয়।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত জোট সরকারের আমলে ওয়ামি উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা নিয়ে কাজ শুরু করে। বর্তমানে ওয়ামির প্রধানের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলমগীর মুহাম্মদ ইউসুফ।এ ব্যাপারে আলমগীর মুহাম্মদ ইউসুফ সাংবাদিকদের বলেছেন, ‘ওয়ামি টেকনাফ, উখিয়া, নাইক্ষ্যংছড়ি, রামু ও কক্সবাজার সদরে শিক্ষা সম্প্রসারণের কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে আমরা ওয়ামি একাডেমির শিক্ষকদের জন্য ওই হোটেলে তিন দিনের প্রশিক্ষণের আয়োজন করেছি।’ এ জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। তবে প্রশিক্ষণের নামে জঙ্গি তৎপরতার অভিযোগ তিনি অস্বীকার করেন।