কক্সবাজারে জামায়াতের ৩৪ কর্মী আটক
কক্সবাজার শহরের সৈকত পাড়ে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ তিন তরুণীসহ জামায়াতে ইসলামীর ৩৪ জন সন্দেহভাজন কর্মীকে আটক করেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াতে ইসলামীর এনজিও ওয়ামি (ওয়ার্ল্ড অ্যাসেম্বলি ফর মুসলিম ইয়ুথ) প্রশাসনের অনুমতি ছাড়া গত বৃহস্পতিবার হোটেল আলবাট্রসের হল রুমে তিন দিনের গোপন বৈঠক শুরু করে। বিভিন্ন স্থান থেকে আসা দলের অনুগত কর্মীদের ওই হল রুমে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ হোটেল থেকে তিন তরুণীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তারা জঙ্গি তত্পরতা, নাশকতা বা দেশবিরোধী কোনো গোপন বৈঠক করছে কি না, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।হোটেল আলবাট্রসের মহাব্যবস্থাপক রেজাউল করিম জানান, ওয়ামি নামের এনজিওটি গত বৃহস্পতিবার তিন দিনের জন্য হোটেলের একটি হলরুম ও ১০টি কক্ষ ভাড়া নেয়। জামায়াত নেতা মাওলানা সাব্বির আহমদের নামে এক ব্যক্তি এসব কক্ষ বুকিং দেন। সভা অথবা গোপন বৈঠকের ব্যাপারে প্রশাসনের অনুমতি ছিল কি না, সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।ওয়ামির প্রধান আলমগীর মুহাম্মদ ইউসুফ সাংবাদিকদের বলেন, ‘ওয়ামি সীমান্ত উপজেলা টেকনাফ, উখিয়া, নাইক্ষ্যংছড়ি, রামু ও কক্সবাজার সদরে শিক্ষা সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে আমরা ওয়ামি একাডেমির শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছি।’