কক্সবাজারে জাল নোটসহ গ্রেপ্তার ৪
কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার হোটেল ঝাউতলা থেকে এক লাখ ২৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চার পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রাজবাড়িয়া গ্রামের রেদোয়ানুল করিম (১৯), কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকার কলিম উল্লাহ (২৬), পিএমখালী এলাকার মোহাম্মদ হামিদ (৩৪) ও মোহাম্মদ উল্লাহ (১৮)। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, শহরের বিভিন্ন স্থানে জাল নোট পাচারের আরও সদস্য সক্রিয় রয়েছেন। রমজানে ঈদের বাজারে কেনাকাটায় এই জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে অনেকে প্রতারিত হচ্ছেন। বিশেষ করে সন্ধ্যার আগে ইফতার ও দোকানে কাপড় কেনাকাটায় এই জাল নোট ব্যবহার করা হচ্ছে। ওসি জানান, আটক চার জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।