কক্সবাজারে ঝুঁকিতে বিটিসিএলের মাইক্রোওয়েভ স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন কলাতলীর উঁচু পাহাড়ে স্থাপিত বিটিসিএলের মাইক্রোওয়েভ স্টেশনের জমি বেদখল হয়ে যাচ্ছে। অবৈধ দখলদারেরা ইতিমধ্যে পাহাড়ের মাটি কেটে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছে। ফলে ৯০০ কোটিরও বেশি টাকায় নির্মিত এই স্টেশনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্টেশনের টেকনিশিয়ান সুকান্ত দাশ অভিযোগ করেন, সন্ধ্যার পর অবৈধ দখলদারের পক্ষে কিছু সন্ত্রাসী এসে মাইক্রোওয়েভ স্টেশন ছেড়ে তাঁদের অন্যত্র চলে যেতে চাপ প্রয়োগ করে এবং ভয় দেখায়। সুকান্ত দাশ জানান, এ ব্যাপারে গত কয়েক দিনে কক্সবাজার মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড বা বিটিটিবি (বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বা বিটিসিএল) শহরের কলাতলীতে বন বিভাগের পাহাড়ে ৫ দশমিক ৬০ একর জমিতে ১৯৭৬ সালে মাইক্রোওয়েভ স্টেশনটি নির্মাণ করে। কক্সবাজারের সঙ্গে সারা দেশের টেলিযোগাযোগ, বিভিন্ন মুঠোফোন কোম্পানির যোগাযোগ, টেলিভিশন সম্প্রচার, সামরিক বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যোগাযোগ এই স্টেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখন স্টেশনটির চার পাশের পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রকৌশলী অচিন্ত্য কুমার বড়ুয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, ভূমিদস্যুরা আশপাশের মাটি কেটে ফেলায় এই বর্ষায় পাহাড়ধসে যেকোনো মুহূর্তে টাওয়ারসহ প্রায় ৯০০ কোটি টাকা মূল্যের স্টেশনটি ধসে পড়তে পারে। অচিন্ত্য কুমার বড়ুয়া সম্প্রতি প্রথম আলোকে বলেন, মাইক্রোওয়েভ স্টেশনের প্রায় চার একর জমি গত এক বছরে প্রভাবশালী ভূমিদস্যুদের দখলে চলে গেছে। তারা ভুয়া কাগজমূলে এই জমি অবৈধ দখলে নেয়। তিনি অভিযোগ করেন, ‘কিছুদিন আগে আবদুল হাকিম নামের এক ব্যক্তি অর্ধশতাধিক লোক নিয়ে স্টেশনের প্রায় এক একর পাহাড় দখল করে নেন। বাধা দিতে গেলে আবদুল হাকিমের লোকজন স্টেশনের দুজনকে মারধর করে। বাড়াবাড়ি করলে প্রাণনাশেরও হুমকি দেয় তারা। এর কিছুদিন আগে একই কায়দায় রফিকুল ইসলাম চৌধুরী নামের আরেক প্রভাবশালী এক একর পাহাড় দখল করে নেন। বর্তমানে তাঁরা পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করছেন।’ অচিন্ত্য কুমার বড়ুয়া বলেন, ‘টাওয়ারসহ স্টেশনের জন্য বরাদ্দ পুরো সাড়ে পাঁচ একর জমি বন বিভাগের। তাই অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা মামলা করতে পারি না। দখলদারদের উচ্ছেদ করার জন্য আমরা বন বিভাগ, পুলিশ ও জেলা প্রশাসনকে একাধিকবার চিঠি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি। ফলে বাকি জমিটুকুও বেদখল হয়ে যাচ্ছে।’সরেজমিনে দেখা গেছে, পাহাড়ের চূড়ায় প্রায় এক একর জমির ওপর দ্বিতল একটি ভবন। এর পাশে ১২৫ মিটার উঁচু একটি টাওয়ার। ভবনের নিচতলায় যন্ত্রপাতি পাহারা দিচ্ছেন দুজন কর্মচারী। পাহাড়ে টিনের বেড়া দিয়ে খণ্ড খণ্ড করে জমি দখলে নেওয়া হয়েছে। সেখানে বহুতল ভবন তৈরির কাজ চলছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে স্টেশনটি।স্টেশন সূত্র জানায়, স্টেশনের জমি দখলে নিয়ে কলাতলী গ্রামের আবদুল হাকিম, রফিকুল ইসলাম চৌধুরী, আসলাম চৌধুরীসহ প্রায় ১৮ জন প্রভাবশালী ব্যক্তি ইতিমধ্যে নানা স্থাপনা তৈরির কাজ শুরু করেছেন। এ প্রসঙ্গে কথা বলার জন্য আবদুল হাকিমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। অভিযুক্ত দখলদার রফিকুল ইসলাম চৌধুরী দাবি করেন, তিনি যেটুকু দখল করেছেন সেটুকুর বৈধ মালিক তিনিই। এই জমির কাগজপত্র তাঁর রয়েছে। আসলাম চৌধুরী (আইভরি ডেভেলপার কোম্পানি লিমিটেডের পরিচালক) জানান, তিনি এই জমি বিভিন্ন লোকের কাছ থেকে কিনেছেন। এখানে আধুনিক মানের হোটেল নির্মাণ করা হবে। মাইক্রোওয়েভ স্টেশনের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান জানান, এই স্টেশনের মাধ্যমে সমুদ্র উপকূলবর্তী টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলাসহ সারা দেশের সঙ্গে তারবিহীন টেলিযোগাযোগ এবং উখিয়ার টিভি সম্প্রচার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম জানান, অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য তাঁরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছেন। কিন্তু যৌথ অভিযান পরিচালনার কথা বলে এ পর্যন্ত কিছুই করা হয়নি। এক প্রশ্নের জবাবে ডিএফও বলেন, ‘আমরা দখলদারদের বিরুদ্ধে মামলা করতে প্রস্তুত আছি। কিন্তু জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, সেখানকার কিছু জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। কিছু জমি ব্যক্তিমালিকানাধীন। তাই এসব না দেখে উচ্ছেদ করা বা মামলা করা ঠিক হবে না। তার পরও বন বিভাগ সম্প্রতি টাওয়ারের পাশে পাহাড় কাটার সময় চারজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।’ জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, পাঁচ একর ৬০ শতক জমি বন বিভাগ বিটিটিবিকে দিয়েছিল। কিন্তু পরে স্টেশনের জমিসহ বিপুল পরিমাণ জমি খাসখতিয়ানভুক্ত হয়। কয়েক ব্যক্তি এই খাসজমির কিছু অংশ বন্দোবস্ত নেন। তিনি জানান, দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।