কক্সবাজারে ডেসটিনির চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের ‘সি-ইন পয়েন্টে’ অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের ঘটনায় কথিত বহু ধাপ বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনির চারজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ আইনে মামলাটি করেছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর।ওই চার কর্মকর্তা হলেন: ডেসটিনি-২০০০ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ডেসটিনি ডেভেলপার্স লিমিটেডের ‘বেস্ট ওয়েস্টার্ন ডেসটিনি বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট’ প্রকল্পের ব্যবস্থাপক সুশান্ত কুমার দাস, কনফিগার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক তৈয়বুর রহমান, প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান ও প্রকল্প প্রকৌশলী মাজহারুল ইসলাম।পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আলম মামুন বাদী হয়ে গতকাল দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন। মামলা করার সত্যতা নিশ্চিত করে আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালার আলোকে সমুদ্রসৈকতসংলগ্ন প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় বহুতল ভবন, স্টুডিও অ্যাপার্টমেন্ট, হোটেল বা মোটেলসহ যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু ডেসটিনি ডেভেলপার্স লিমিটেড ওই নয়তলা ভবনটি নির্মাণের আগে তাদের কাছ থেকে কোনো ছাড়পত্র নেয়নি। এ কারণে মামলাটি দায়ের করা হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি বিচারের জন্য চট্টগ্রামে পরিবেশ আদালতে পাঠানো হবে। আইন অনুসারে, পরিবেশ অধিদপ্তরের একজন পরিদর্শক (কর্মকর্তা) বিষয়টি তদন্ত করার পর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন।সৈকতসংলগ্ন প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পরিবেশ ছাড়পত্র ছাড়াও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। ওই ভবনটি নির্মাণের ক্ষেত্রে সেখান থেকেও কোনো অনুমোদন নেওয়া হয়নি। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কে এম আলমগীর কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।গত ২২ মে প্রথম আলোয় ‘কক্সবাজারে ডেসটিনির অনুমোদনবিহীন ভবন নির্মাণ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর হাইকোর্ট ২৪ ঘণ্টার মধ্যে ওই ভবনের নির্মাণকাজ বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ মোতাবেক কক্সবাজার জেলা প্রশাসন উল্লিখিত সময়ের মধ্যে ওই ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয়।কাজ বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই এলাকা ছেড়ে চলে গেছেন। ফলে মামলার বিষয়ে তাঁদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।