কক্সবাজারে ডেসটিনির ভবন নির্মাণ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ডেসটিনির অনুমোদনহীন ভবন নির্মাণের কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেয়র ও সদর থানার ওসিসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ৬ মের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলামকে ৫ মে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন।পরিবেশ রক্ষায় প্রশাসনের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (মনিটরিং), সহকারী পরিচালক, পুলিশ সুপারসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।ডেসটিনি গ্রুপ কর্তৃক কক্সবাজার সৈকত এলাকায় অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটের পক্ষে তিনিই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।শুনানিতে মনজিল মোরসেদ বলেন, কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় পরিবেশ রক্ষায় স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা ও আইনগত বাধ্যবাধকতা থাকলেও ডেসটিনি গ্রুপ অনুমোদনহীনভাবে ভবন নির্মাণ করছে, যা আইনের শাসনের পরিপন্থী।