কক্সবাজারে ডেসটিনির ভবন নির্মাণ বন্ধের নির্দেশ
কক্সবাজারে ডেসটিনির অনুমোদনহীন ভবন নির্মাণের কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন এ নির্দেশের পাশাপাশি রুলও জারি করেন। পরিবেশ রক্ষায় প্রশাসনের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না ও নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (মনিটরিং), সহকারী পরিচালক, পুলিশ সুপারসহ অন্য বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ৬ মের মধ্যে আদালতে জমা দিতে কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডেসটিনির বেস্ট ওয়েস্টার্ন বিচ হোটেল প্রকল্পের প্রকৌশলী মাজহারুল ইসলামকে আগামী ৫ মে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।কক্সবাজারে ডেসটিনির অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ নিয়ে ২২ এপ্রিল প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ জনস্বার্থে রিট আবেদনটি করেন।মনজিল মোরসেদ বলেন, কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় পরিবেশ রক্ষায় স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা ও আইনগত বাধ্যবাধকতা থাকলেও ডেসটিনি গ্রুপ অনুমোদনহীনভাবে ভবন নির্মাণ করছে, যা আইনের শাসনের পরিপন্থী।শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।