কক্সবাজারে ডেসটিনির হোটেলের নির্মাণকাজ বন্ধ করে দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের সি-ইন পয়েন্টে ডেসটিনির অনুমোদনহীন বহুতল ভবনের (পাঁচতারা হোটেল) নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিতে গত বুধবার হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন তা বন্ধ করে দেয়।কক্সবাজারের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কে এম আলমগীর গতকাল বেলা ১১টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডেসটিনির ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় তিনি জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারীর স্বাক্ষরিত একটি নোটিশ ডেসটিনির সহযোগী প্রতিষ্ঠান ‘বেস্ট ওয়েস্টার্ন ডেসটিনি বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুশান্ত কুমার দাশের কাছে হস্তান্তর করেন।নোটিশে বলা হয়েছে, ‘হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ডেসটিনি ও বেস্ট ওয়েস্টার্ন বিচ হোটেলের সব নির্মাণ-উন্নয়নকার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। একই সঙ্গে অনুমোদিত নকশা ও অন্যান্য অনুমোদনের ছাড়পত্রের কপি নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে তাঁর (জেলা প্রশাসক) কার্যালয়ে প্রেরণের অনুরোধ করা হলো।’এনডিসি আলমগীর ঘটনাস্থলে প্রথম আলোকে জানান, কয়েক বছর আগে পৌরসভা কর্তৃপক্ষ থেকে নকশা অনুমোদন নিয়ে সমুদ্রসৈকতের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় পাঁচতারা হোটেলের জন্য নয়তলা একটি ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু এর দক্ষিণ পাশে নির্মাণাধীন আরেকটি বহুতল ভবনের জন্য ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ থেকে নকশা অনুমোদন নেওয়া হয়নি। তা ছাড়া দুটি বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং সংশ্লিষ্ট ভূমি কার্যালয় থেকে অনাপত্তি ছাড়পত্র নেওয়া হয়নি। ভবন নির্মাণের আগে এই দুটি ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক ছিল। এ ব্যাপারে আরও অনুসন্ধান চলছে।২২ এপ্রিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘কক্সবাজারে ডেসটিনির অনুমোদনহীন ভবন নির্মাণ’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই নিমাণকাজ বন্ধের নির্দেশ দেন।