কক্সবাজারে তিন লাখ মানুষ পানিবন্দী, খাদ্যসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত ৭০ বছরত এই চৌমহনী স্টেশনত পানি নউড়ে (উঠে নাই)। এহন আল্লাহর কী গজব পইজ্যে। এই উঁচা (উঁচু) চৌমহনীর বাড়িঘর-দোয়ানপাট বন্যার পানিত তলাই গিয়ে গই (তলিয়ে গেছে)। এই রইম্যা বইন্যা এই জীবনত আর ন’দেহি।’ভয়াবহ বন্যা-পরিস্থিতির চিত্র তুলে ধরে কক্সবাজারের রামু উপজেলা সদরের চৌমুহনী এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন (৮২) গতকাল বৃহস্পতিবার সকালে এসব কথা বলেন। তিন দিন ধরে কক্সবাজার সদর, রামু, পেকুয়া ও চকরিয়া উপজেলার অন্তত তিন লাখ মানুষ পানিবন্দী। গতকাল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় বন্যার পানি নামতে শুরু করলেও দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। বন্যাকবলিত এলাকায় খাবার ও পানীয় জলের তীব্র সংকট চলছে।রামুর ফতেখারকুল গ্রামের গৃহবধূ আয়েশা বেগম (৪৫) বলেন, ‘ঘরে বন্যার পানি ঢুকেছে। তাই ঘরের মাচার ওপর উঠে কষ্ট করে থাকছি। রান্নাবান্না বন্ধ থাকায় তিন দিন ধরে একবেলা খেয়ে থাকছি।’রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান জানান, গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে বাঁকখালী নদী উপচে উপজেলার ১১টি ইউনিয়নের অন্তত ২০ হাজার বাড়িঘর বন্যার পানিতে নিমজ্জিত। এসব ঘরের অন্তত এক লাখ মানুষ পানিবন্দী। চলাচলের ১০-১২টি সড়ক বন্যার পানিতে ডুবে থাকায় শত শত গবাদিপশু ও হাঁস-মুরগি মরে গেছে।অন্যদিকে, চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়নের অন্তত এক লাখ মানুষ বন্যার পানিতে বাস করছে। মাতামুহুরী নদীর পানি কমে যাওয়ায় সাত ইউনিয়নের বন্যার পানি সরে যাচ্ছে। এতে কিছুটা স্বস্তি ফিরে এলেও ঘরে ঘরে পানীয় জল ও খাদ্যসংকট দেখা দিচ্ছে। বলছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম। এ ছাড়া সদর উপজেলার ঝিলংজা, লিংক রোড, মুহুরীপাড়া, বাংলাবাজার, খুরুলিয়া, কলঘর, তেচ্ছিরপুল, চেইন্দাসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার বসতবাড়ি এখনো পানির নিচে।যোগাযোগ করলে সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বলেন, বন্যাদুর্গত এলাকায় ৫০টি মেডিকেল টিম রয়েছে। বন্যাদুর্গতদের বিনা মূল্যে স্যালাইন, পানি বিশুদ্ধকরণের বড়িসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় ক্ষয়ক্ষতির তালিকা এখনো তৈরি হয়নি। তবে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধিরা ত্রাণ-তৎপরতা চালাচ্ছেন।