কক্সবাজারে নিহতরা জামায়াত শিবিরের কেউ নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে গত শুক্রবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকদের সংঘর্ষের সময় গুলিতে নিহত তিনজনের কেউই কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী নন। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে এমনই তথ্য জানা গেছে। তবে জামায়াতে ইসলামী দাবি করেছে, নিহত ব্যক্তিরা তাদের দলের নেতা-কর্মী।শুক্রবারের ওই ঘটনার প্রতিবাদে জামায়াত কক্সবাজারে টানা ৪৮ ঘণ্টা হরতাল ডাকলেও হরতালের প্রথম দিন গতকাল শনিবার তাদের কোনো নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। আগের দিন শুক্রবার রাতে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।শুক্রবার সংঘর্ষে নিহত হন শহরের রুমালিরছড়ার গুদারপাড়ার কলিম উল্লাহর ছেলে তোফায়েল উদ্দিন (১৯), সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়ার মো. আলমের ছেলে নুরুল হক (৩২) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদাহ গ্রামের হামিদ আলীর ছেলে আহমদ সালেহ (৪২)।গতকাল দুপুরে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে তোফায়েলের বাবা কলিম উল্লাহ (৬০) প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে পেশায় ইলেকট্রিশিয়ান। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। শুক্রবার দুপুরে তিনি ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় তারাবনিয়াছড়া এলাকায় তাঁরা সংঘর্ষের মধ্যে পড়ে যান। তখন তোফায়েলের পেটে একটি গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।দুপুর তিনটার দিকে হাসপাতাল মর্গে নুরুল হকের লাশ নিতে আসেন তাঁর ছোট দুই ভাই নুরুল আমিন (৩০) ও নুরুল করিম (২৪)। নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়া গ্রামে তাঁর দোকান আছে। ওই দিন বাড়ি থেকে কক্সবাজার শহরে যাওয়ার পথে তিনি সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন।’নিহত আহমদ সালেহর ছোট ভাই মকসুদ আলম (২২) বলেন, ‘কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় ভাইয়ের জুতার দোকান আছে। শুক্রবার জুমার নামাজ পড়ে দোকানে যাওয়ার সময় তিনি গুলিতে মারা যান। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।’নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলার সময় সেখানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন। তিনি দাবি করেন, শুক্রবার নিহত তিনজন সাধারণ পথচারী। জামায়াত-শিবিরের গুলিতেই তাঁদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় দায়ের করা মামলায় গতকাল পর্যন্ত ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক।তবে জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহর দাবি, শুক্রবারে নিহত ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। পুলিশের ভয়ে তাঁদের আত্মীয়-স্বজন এখন বিষয়টি স্বীকার করছেন না।হরতালে মাঠে নেই জামায়াত-শিবির: গতকাল হরতালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালে শহরের প্রধান সড়কের লালদীঘিরপাড়, ঝাউতলা, হলিডে মোড়, কলাতলী, কেএফসি এলাকা ও বাসটার্মিনাল ঘুরে দেখা গেছে, পুরো এলাকা ফাঁকা। বিকেলেও একই অবস্থা দেখা যায়। এ সময় রিকশা ও ব্যাটারি চালিত কিছু টমটম চলাচল করলেও জামায়াত-শিবিরের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি।স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতভর গুলি ও ককটেল বিস্ফোরিত হওয়ার ভয়ে কেউ দোকানপাট খোলেনি।ওসি জসীম উদ্দিন জানান, গ্রেপ্তার অভিযান শুরু হওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে গেছেন।তবে হরতালের আগের দিন শুক্রবার রাত আটটা থেকে গভীর রাত পর্যন্ত শহরের পানবাজার রোড, এন্ডারসন সড়ক, টেকপাড়া, বার্মিজ মার্কেট, গোলদীঘিরপাড়, বৌদ্ধমন্দির সড়ক, লালপাড়াসহ বিভিন্ন স্থানে ব্যাপক ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। সৈকত ফাঁকা: গতকাল বেলা ১১টায় সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, মাত্র কয়েক শ পর্যটক গোসল করছেন। তবে সৈকতের ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট, মাদ্রাসা পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলী পয়েন্ট একেবারে ফাঁকা দেখা গেছে। আগের দুই দিন বৃহস্পতি ও শুক্রবার সৈকতে গড়ে ৬০ হাজারের বেশি পর্যটক ছিলেন।সৈকতের পর্যটন মোটেল লাবণীর ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম জানান, টানা তিন দিনের হরতালের কারণে শুক্রবার রাতেই শতাধিক পর্যটক হোটেল ছেড়ে চলে গেছেন। শনিবার সকালেও কিছু পর্যটক চলে যান। যাঁরা আছেন তাঁরাও আতঙ্কে আছেন।