কক্সবাজারে পাহাড় কাটার দায়ে আইডিয়াল রিয়েল এস্টেট নামের একটি নির্মাণপ্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কেটে নেওয়া মাটি পুনরায় ভরাট করে পাহাড়টিকে যথাসম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ওই প্রতিষ্ঠানকে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল প্রতিষ্ঠানটিকে এ আদেশ দেন।মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, এক মাসের মধ্যে পাহাড়টিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে না পারলে ওই প্রতিষ্ঠানকে ঋণসুবিধা এবং প্রকল্প ছাড়পত্র যাতে না দেওয়া হয় সে জন্য বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করে তাঁরা চিঠি দিয়েছেন।জানা গেছে, কক্সবাজার ঝিলংজা মৌজার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কাছে একটি পাঁচ তারকাবিশিষ্ট হোটেল নির্মাণের জন্য আইডিয়াল রিয়েল এস্টেট প্রায় ৫০ ফুট উঁচু ও চার হাজার বর্গফুট আয়তনের একটি পাহাড় কেটে ফেলে। পাহাড়টি কেটে প্রায় দুই লাখ ঘনফুট মাটি সরিয়ে ফেলা হয়।এক বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, পাহাড় কাটার কারণে ওই স্থানে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট, জীববৈচিত্র্যের ক্ষতিসহ ব্যাপক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির উপদেষ্টা মো. আবদুল মমিন সরকার ও পরিচালক আলী আহমেদকে গতকাল পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে তলব করা হয়। এরপর তাঁদের কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুল মমিন সরকার ও আলী আহমেদ পাহাড় কাটার অভিযোগ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা পরিবেশ অধিদপ্তরের নির্দেশ মেনে পাহাড়টি সুরক্ষায় পুনরায় মাটি ফেলে ফলজ ও বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লিখিত অঙ্গীকার করেন।