কক্সবাজারে পাহাড় কেটে অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে বন বিভাগের পাহাড় কেটে অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এ বছরের শুরু থেকে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি পাহাড়ি জমি দখল করে বসতবাড়ি, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাকা ও আধাপাকা ভবন নির্মাণ করছেন। দখলদারদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতা রয়েছেন বলে অভিযোগ উঠেছে।সমুদ্রসৈকত হয়ে কক্সবাজার শহরে প্রবেশের একমাত্র পথটি হচ্ছে বাইপাস সড়ক। সদর উপজেলা পরিষদ থেকে কলাতলী সৈকত পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কের দুই পাশে বন বিভাগের মালিকানাধীন পাহাড়ের অবস্থান।নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার বন বিভাগের একজন কর্মকর্তা জানান, সৈকতসংলগ্ন এলাকায় বর্তমানে প্রতি গন্ডা (দুই শতাংশ) জমি ২০ থেকে ৩০ লাখ টাকায় বিক্রি হচ্ছে। বাইপাস সড়কটি সৈকতের কাছাকাছি হওয়ায় এর উভয় পাশের জমির দর একই। কিন্তু দখলদারেরা এসব জমি প্রতি গন্ডা ১০ থেকে ১২ লাখ টাকায় বিক্রি করছেন। অনেকে মালিকানার ভুয়া কাগজ তৈরি করে জমি দখল করে এতে স্থায়ীভাবে ভবন নির্মাণ করছেন। বন বিভাগের লোকজন বাধা দিতে গেলে ওই কাগজ দেখিয়ে তাঁরা উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা নিয়ে আসেন। এতে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ফলে একদিকে যেমন পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বৃষ্টিধোয়া পাহাড়কাটা মাটি নেমে এসে শহরের নালা-নর্দমা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে।কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি পালের ভাষ্য, বাইপাস সড়কের দুই পাশের পাহাড়ে কয়েক শ কোটি টাকার প্রায় ১৫ একর জমি দখল হয়েছে। এসব জমিতে অবৈধ দখলদারেরা এরই মধ্যে দুই শতাধিক স্থাপনা তৈরি করেছেন। বন বিভাগ অনুসন্ধান চালিয়ে ৮৭ জন দখলদারের পৃথক দুটি তালিকা তৈরি করেছে। দখলদারদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতা রয়েছেন। রয়েছেন আইনজীবী, ব্যবসায়ী, ঠিকাদারসহ অনেকে। পাহাড়ের সরকারি জমি থেকে দখলদারদের উচ্ছেদে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। উচ্ছেদের ব্যাপারে সম্মতিও পাওয়া গেছে।কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মদ বলেন, বন বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণ হচ্ছে, সত্য। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী এই দখলের সঙ্গে জড়িত আছেন বলে তাঁর জানা নেই।জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, পাহাড়ের জমি যাঁরা অন্যায়ভাবে দখল করছেন, তাঁরা যে দলেরই হোন না কেন, বন বিভাগ তাঁদের বিরুদ্ধে মামলা করতে পারে।গত বৃহস্পতিবার সকালে বাইপাস সড়ক পরিদর্শন করে দেখা গেছে, দুই পাশের পাহাড় কেটে অনেক স্থাপনা তৈরি হচ্ছে। কেউ পাহাড়ের চূড়ায়, কেউ বা মাটি কেটে পাহাড়ের ঢাল সমতল করে এতে ভবন তৈরি করছেন। স্থাপনাগুলোর মধ্যে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সমিতি, দোকানপাট রয়েছে। পানের বরজ ও মুরগির খামারও করা হয়েছে। দখলদারদের অনেকে ক্রয়সূত্রে পাহাড়ি জমির মালিক বলে দাবি করলেও এর স্বপক্ষে কাগজপত্র দেখাতে পারেননি। বাইপাস সড়কের পূর্ব পাশে (কলাতলী) পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। বাঁশের বেড়া তুলে রাত-দিন জমি থেকে মাটি কাটা চলছে। নির্মাণকাজও থেমে নেই। গত এক মাসে দোতলা ভবন উঠে গেছে। নির্মাণশ্রমিক আহমদ হোসেন বলেন, নির্মাণাধীন ভবনের মালিক চট্টগ্রামে থাকেন। কলাতলী গ্রামের সৈয়দ উল্লাহ তাঁদের এ কাজে নিয়োগ দেন। এ ব্যাপারে সৈয়দ উল্লাহ দাবি করে বলেন, এই জমি বৈধভাবে কেনা হয়েছে। এ কারণে ভবন নির্মাণের কাজে কেউ বাধা দিতে আসেনি।বাইপাস সড়কের পাশে পাহাড়ের প্রায় ২৫ শতাংশ জমিতে পাকা ভবন তৈরি করেছেন স্থানীয় লারপাড়ার লাল মোহাম্মদ। পাশেই ২৫ শতাংশ জমি বেড়া দিয়ে ঘিরে রেখেছেন একই এলাকার ওমর হাকিম। একই এলাকায় ৪০ শতাংশ জমিতে টিনশেডের পাকা ঘর তৈরি করেছেন আজিজুল হক। তাঁর পাশে ৩৫ শতক জমিতে লারপাড়ার গিয়াস উদ্দিন নির্মাণ করেছেন নর্থ ইন্টারন্যাশনাল কেজি স্কুলের ভবন। বন বিভাগের তৈরি করা অবৈধ দখলদারের তালিকায় এসব জমির মালিকদের নাম রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের একজন কর্মকর্তা বলেন, বন বিভাগের কলাতলী বিটের আওতায় মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন কয়েক একর পাহাড়ি ও সমতল ভূমি দখল করে চিংড়ির পোনার নয়টি হ্যাচারি করা হয়েছে। অবৈধ দখলদারের তালিকায় এই হ্যাচারিগুলোর নামও রয়েছে।কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, পাহাড়কাটা মাটি নেমে এসে পৌর শহরের নর্দমা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এসব নর্দমা পরিষ্কার করতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের (ইসিএ) কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, পাহাড়ি জমি দখল করায় পরিবেশ-প্রতিবেশের চরম ক্ষতি হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনে সৈকত ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ, মাটির পরিবর্তন করা ও পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ।পাহাড় কেটে বিভিন্ন স্থাপনা তৈরির ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, শিগগির যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।