কক্সবাজারে পাহাড়ধসে পর্যটকের মৃত্যু, আহত ৮
কক্সবাজার সমুদ্রসৈকতের মেরিন ড্রাইভ সড়কের কলাতলী আদর্শগ্রাম এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে পাহাড়ধসে মারা গেছেন ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক আমজাদ হোসেন (২৫)। তিনি রাজধানীর পূর্ব জুরাইনের ওসমান গনির ছেলে। আমজাদ রড-সিমেন্টের ব্যবসা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আমজাদের বন্ধু মোহামঞ্চদ সায়ীদ (২২), নাজিম উদ্দিন (২৫), সুমন (২৬), মনির হোসেন (২৩) এবং ভ্রমণে আসা আরেক পরিবারের মিরাজ আহমদ (৪৫), তাঁর স্ত্রী লায়লা হামিদ মৌসুমী, দুই ছেলে রাহিদ (৩) ও নাভিল (৮)। আহত ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গতকাল বেলা আড়াইটার দিকে নিহত আমজাদ হোসেনসহ অন্যরা মেরিন ড্রাইভ সড়কের কলাতলী-আদর্শগ্রামের পাহাড়ি একটি ঝরনায় গোসল করতে নামেন। কিছুক্ষণ পর উঁচু পাহাড় ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমজাদ হোসেনসহ ১১ বন্ধু গত রোববার ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে আসেন। তাঁরা ওঠেন কলাতলী সমুদ্রসৈকত এলাকার একটি গেস্টহাউসে। আজ বুধবার সকালে তাঁদের ঢাকায় ফেরার কথা ছিল।নিহত আমজাদ হোসেনের বন্ধু ইব্রাহিম খলিল (২৬) জানান, ১১ বন্ধু সবাই হিমছড়ির আগের আরেকটি পাহাড়ি ঝরনায় গোসল করতে নামেন। কিছুক্ষণ পর বিশাল একটি পাহাড় ধসে পড়লে আমজাদসহ পাঁচজন হতাহত হন। তাঁরা ছয় বন্ধু অল্পের জন্য রক্ষা পান। তাঁদের সঙ্গে মিরাজের পরিবারের লোকজন গোসলে নেমে আহত হয়েছে।কক্সবাজার মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, আমজাদ হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।