কক্সবাজারে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৩
হরতালকে কেন্দ্র করে কক্সবাজারে পুলিশের সঙ্গে পিকেটারদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ তিনজনকে আটক করেছে। জানা যায়, আজ সকাল নয়টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের লিংক রোড এলাকায় মাদ্রাসার ছাত্ররা হরতালের পক্ষে পিকেটিং করে এবং ব্যাটারিচালিত চারটি টমটম গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে রামু-চৌমুহনী এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৫ আহত। অন্যদিকে চৌমুহনী থেকে ১০ কিলোমিটার দূরে ঈদগাঁও বাজার এলাকায় পিকেটাররা হরতালের সমর্থনে কয়েকটি রিকশা ভাঙচুর করে। পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এতে পাঁচ-ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।