কক্সবাজারে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া ও রামু উপজেলার মধ্যবর্তী পাহাড়ি এলাকা গোয়ালিয়াতে আজ সোমবার ভোররাতে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধে এক পথচারী ও ১০ ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের পাল্টা গুলিতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পুলিশের সঙ্গে ডাকাতদের চার ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনার আগে গতকাল রোববার রাতে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল উখিয়া উপজেলার রত্নাপালন গ্রামের তিনটি বাড়িতে ডাকাতি করে। এ সময় গ্রামবাসী প্রতিরোধ করতে গেলে ডাকাতদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত পাঁচ গ্রামবাসী আহত হন।পুলিশ ও গ্রামবাসী জানায়, গতকাল রাত আড়াইটার দিকে ২০ থেকে ২৫ জনের সশস্ত্র ডাকাত দল উখিয়া উপজেলার রত্নাপালন গ্রামের সৈয়দ আলম, নুরুল আলম ও উলা মিয়ার বাড়িতে ডাকাতি করে। এ সময় গ্রামবাসী প্রতিরোধ করলে ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মোহাম্মদ পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গোয়ালিয়া গ্রামের পাহাড়ে আশ্রয় নেয়। পুলিশের সঙ্গে চলে ডাকাতদের বন্দুকযুদ্ধ। জেলার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝির নেতৃত্বে উখিয়া ও রামু থানার পুলিশের আরেকটি দল সেখানে যায়। উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ১০০টি গুলিবিনিময় হয়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। ঘটনাস্থল থেকে সকালে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। দুপুর সোয়া দুইটার দিকে আরও চারটি লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, নিহতদের একজন জসীমউদ্দিন পথচারী এবং বাকি দশজন ডাকাত দলের সদস্য। মৃতদেহের আশপাশ থেকে চারটি দেশীয় বন্দুক ও ছয়টি গুলি উদ্ধার করেছে পুলিশ। বন্দুকযুদ্ধের সময় ডাকাতদের গুলিতে উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস ও মোস্তফা এবং তিন কনস্টেবল রাশেদুল ইসলাম, মোরশেদুল আলম ও টুটুল গুলিবিদ্ধ হন। আহত পাঁচ পুলিশকে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মোস্তফা, মোরশেদ ও টুটুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানান, দুই ডাকাতের লাশ উখিয়া থানায় এবং আট ডাকাতের লাশ রামু থানায় রাখা হয়েছে। পথচারী জসীম উদ্দিনের লাশ কক্সবাজারের আল ফুয়াদ হাসপাতালে আছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রামু থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, ঘটনাস্থলে এখনো অভিযান চলছে।